“বাংলার কাজ আটকাতে ৫০০ অফিসার বদলি!” মুর্শিদাবাদে নির্বাচন কমিশনকে কড়া চ্যালেঞ্জ মমতার!

ভোটের মুখে মুর্শিদাবাদের মাটি থেকে কেন্দ্রীয় সংস্থা ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিস্ফোরক দাবি, বাংলার উন্নয়নমূলক কাজ স্তব্ধ করে দিতে পরিকল্পিতভাবে ৫০০ জন উচ্চপদস্থ আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে ভোটার তালিকা সংশোধন (SIR) নিয়েও মোদী সরকারকে একহাত নেন তিনি।
“অফিসার সরিয়ে কাজ আটকানো যাবে না”
এদিন জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, প্রশাসনিক কাজে বাধা সৃষ্টি করতে অফিসারদের গণবদলির পথে হাঁটা হয়েছে। তিনি বলেন, “ভাবছেন অফিসার সরিয়ে বাংলার কাজ আটকে দেবেন? বড়জোর এক মাস ধীরগতি হবে। কিন্তু মনে রাখবেন, ভোটের পর সব আবার আগের মতোই শুরু হবে। কাজের গতি কেউ রুখতে পারবে না।”
ভোটার তালিকায় ‘কোপ’, কৃষকদের জন্য বড় ঘোষণা:
রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধনের পর প্রায় ৬১ লক্ষ নাম বাদ পড়া নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এটি ভোটারদের ভয় দেখানোর একটি অপচেষ্টা মাত্র। তবে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কৃষকদের জন্য এক বড় ঘোষণা করেন তিনি। মমতা জানান, আগামীতে কৃষকদের উন্নতির জন্য পশ্চিমবঙ্গ সরকার ‘আলাদা বাজেট’ পেশ করবে।
ভবানীপুর ও শুভেন্দু প্রসঙ্গ:
নির্বাচনী আবহে উঠে এসেছে ভবানীপুর কেন্দ্রের নামও। উল্লেখ্য, এবার ভবানীপুরে মমতার বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নামছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ২০২১-এর নন্দীগ্রামের হারের স্মৃতি উসকে দিয়ে বিরোধীরা যখন আক্রমণ শানাচ্ছে, তখন মুর্শিদাবাদ থেকে মমতা স্পষ্ট বুঝিয়ে দিলেন—তিনি এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ।