১৯ না ২০ এপ্রিল? অক্ষয় তৃতীয়া নিয়ে চরম বিভ্রান্তি! জেনে নিন সোনা কেনা ও পূজোর সঠিক সময়

হিন্দু ধর্মে যে চারটি অত্যন্ত শক্তিশালী এবং ‘স্বয়ংসিদ্ধ’ মুহূর্তের কথা বলা হয়েছে, তার মধ্যে অন্যতম হলো অক্ষয় তৃতীয়া। এই দিনে কোনো পাঁজি বা আলাদা মুহূর্ত না দেখেই বিয়ে, গৃহপ্রবেশ কিংবা অন্নপ্রাশনের মতো শুভ কাজ করা যায়। তবে ২০২৬ সালে অক্ষয় তৃতীয়া কবে পালিত হবে, তা নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। ১৯ এপ্রিল না কি ২০ এপ্রিল? আপনার সমস্ত বিভ্রান্তি দূর করতে সঠিক দিনটি জানিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা।
তারিখের গোলকধাঁধা: ১৯ নাকি ২০ এপ্রিল? পঞ্জিকা ও জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুযায়ী, ২০২৬ সালের বৈশাখ মাসের এই শুক্লপক্ষের তৃতীয়া তিথিটি ১৯ এপ্রিল শুরু হয়ে ২০ এপ্রিল সকালে শেষ হবে। তবে শাস্ত্র মতে, দিনের বেলায় পূজা, স্নান এবং দানের গুরুত্ব সবচেয়ে বেশি। সেই কারণেই আগামী ১৯ এপ্রিল, রবিবার অক্ষয় তৃতীয়ার মূল উৎসব পালিত হবে। সূর্যোদয় এবং দিনের প্রধান অংশটি ১৯ এপ্রিল পাওয়ায় ওই দিনটিকেই শাস্ত্রীয়ভাবে ধার্য করা হয়েছে।
অক্ষয় তৃতীয়ার পৌরাণিক মহিমা: এই তিথিটি শুধুমাত্র সোনা কেনার দিন নয়, এর সাথে জড়িয়ে আছে সৃষ্টির ইতিহাস। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে, এই পবিত্র দিনেই সত্য, ত্রেতা এবং দ্বাপর যুগের সূচনা হয়েছিল। এছাড়াও দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে এদিনেই ভগবান পরশুরামের জন্ম হয়েছিল বলে বিশ্বাস করা হয়। মনে করা হয়, এই দিনে করা যেকোনো পুণ্যকর্ম বা দানের ফল কখনও ‘ক্ষয়’ হয় না, তাই এর নাম অক্ষয় তৃতীয়া।
সোনা কেনা কেন এত শুভ? অক্ষয় তৃতীয়া বলতেই বাঙালির চোখে ভাসে সোনার দোকানের ভিড়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই দিনে বাড়িতে সোনা আনলে তাতে দেবী লক্ষ্মী ও কুবেরের আশীর্বাদ থাকে এবং ঐশ্বর্য দীর্ঘস্থায়ী হয়। এই প্রথাটির শেকড় জড়িয়ে আছে আদি গুরু শঙ্করাচার্যের জীবনের এক অলৌকিক ঘটনার সাথে। কথিত আছে, তাঁর প্রার্থনায় তুষ্ট হয়ে দেবী লক্ষ্মী সোনার আমলকী বৃষ্টি করিয়েছিলেন। সেই থেকে সুখ-সমৃদ্ধি ও অর্থলাভের আশায় মানুষ এদিন সোনা বা মূল্যবান ধাতু কেনেন। ২০২৬ সালের ১৯ এপ্রিল এই শুভ কাজে শামিল হতে পারেন আপনিও।