টলিউডে কাস্টিং কাউচের শিকার সুস্মিতা রায়! ‘সাদা মনের’ সম্মানীয় ব্যক্তিদের আসল রূপ ফাঁস করলেন অভিনেত্রী

‘কৃষ্ণকলি’, ‘জগদ্ধাত্রী’ বা ‘মুকুট’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকের পরিচিত মুখ সুস্মিতা রায় বর্তমানে তাঁর দ্বিতীয় বিয়ে এবং প্রাক্তন শ্বশুরবাড়ির বিরুদ্ধে আনা বিস্ফোরক অভিযোগের জেরে সংবাদ শিরোনামে। সম্প্রতি এক সাক্ষাৎকারে টলিউডের অন্ধকার দিক অর্থাৎ ‘কাস্টিং কাউচ’ নিয়ে মুখ খুলেছেন তিনি। সুস্মিতা জানান, কেরিয়ারের শুরুতে অভিনয়ের সুযোগ দেওয়ার নামে তাঁর কাছে প্রচুর কুপ্রস্তাব এসেছিল। কিন্তু নিজের যোগ্যতার ওপর ভরসা রেখে তিনি সেইসব অফার ফিরিয়ে দেন। যার ফলে তাঁকে বারবার রিজেকশনের শিকার হতে হয়েছে। সুস্মিতা অবাক হয়ে বলেন, “যাঁরা একসময় অন্য কথা বলতেন, আজ তাঁরাই সমাজের চোখে পবিত্র ও সম্মানীয় ব্যক্তি।”

সুন্দরবন থেকে কলকাতায় এসে অভিনেত্রী হওয়ার লড়াইটা সুস্মিতার জন্য সহজ ছিল না। এমনকি ফুটপাথে রাত কাটানোর মতো কঠিন দিনও দেখেছেন তিনি। তবে কখনও ডিপ্রেশনকে প্রশ্রয় দেননি। ব্যক্তিগত জীবনেও ঝড় বয়ে গিয়েছে তাঁর। সম্প্রতি শুভাশিসের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পর প্রাক্তনের ভাই তথা অভিনেতা সায়ক চক্রবর্তীর কটাক্ষের জবাবে লাইভে এসে বিস্ফোরক দাবি করেন সুস্মিতা।

তিনি জানান, প্রাক্তন স্বামীর বিকৃত যৌনতা ও অকথ্য অত্যাচারের শিকার হয়েছিলেন তিনি। এমনকি তাঁর গর্ভপাত করানোর চেষ্টাও হয়েছিল বলে দাবি করেন অভিনেত্রী। বর্তমানে জীবনের তিক্ত অতীত সরিয়ে নতুন করে সংসার সাজাচ্ছেন সুস্মিতা।