পরম-পুত্রের গালভরা হাসি, উঁকি দিচ্ছে খুদে দাঁত! পিসি-র কোলে নডির মিষ্টি ছবি দেখে ফিদা নেটপাড়া

টলিউডের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও সমাজকর্মী পিয়া চক্রবর্তীর কোল আলো করে গত বছরের ১ জুন এসেছে তাঁদের পুত্রসন্তান নিষাদ, যাঁকে আদর করে সবাই ‘নডি’ বলে ডাকেন। দেখতে দেখতে খুদে নডির বয়স এখন ৮ মাস। শুক্রবার সমাজমাধ্যমে ছেলের একটি অত্যন্ত মিষ্টি ছবি ভাগ করে নিলেন মা পিয়া। ছবিতে দেখা যাচ্ছে, ‘বড়পিসি’র কোলে চড়ে খিলখিলিয়ে হাসছে পরম-পুত্র। আর সেই হাসির ফাঁকেই উঁকি দিচ্ছে খুদের কয়েকটা ছোট্ট ছোট্ট নতুন দাঁত। সাদা রঙের কুকুরছানা প্রিন্ট করা টি-শার্টে নডির এই উচ্ছ্বাস মাখা ছবি মুহূর্তেই নেটিজেনদের মন জয় করে নিয়েছে।
পেশায় সমাজকর্মী পিয়া মাতৃত্বকালীন ছুটির পর ফের নিজের কাজে ফিরেছেন এবং সমাজমাধ্যমে মনোরোগ নিয়ে সচেতনতা বাড়াতেও তাঁকে দেখা যায়। অন্যদিকে, বাবা হিসেবে নিজের দায়িত্ব পালনে কোনো খামতি রাখছেন না পরমব্রতও। সম্প্রতি শ্যুটিং ফ্লোরেও দেখা গিয়েছিল বাবা-ছেলের জুটিকে। পরমব্রত নিজেই সেই ছবি পোস্ট করে লিখেছিলেন ‘ব্রিং ইয়োর বয় টু ওয়ার্ক ডে’।
উল্লেখ্য, ছেলের জন্মের আগেই পরম-পিয়া তাঁদের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ছেড়ে একটি বড় বাড়িতে চলে এসেছিলেন, যাতে তাঁদের সন্তান পাঁচটা সাধারণ বাচ্চার মতো খোলামেলা পরিবেশে, মাঠ-পার্কে খেলে বড় হতে পারে। তারকা-দম্পতির এই ভাবনা এবং নডির মিষ্টি হাসি— দুই মিলিয়ে খুশিতে ডগমগ তাঁদের অনুগামীরা।