৪০০০ কোটির রামায়ণ! রণবীরের রাম-লুক দেখে কী বললেন পর্দার কৃষ্ণ নীতীশ ভরদ্বাজ?

অবশেষে অপেক্ষার অবসান! হনুমান জয়ন্তী উপলক্ষে মুম্বইয়ের এক জমকালো অনুষ্ঠানে উন্মোচিত হলো নীতেশ তিওয়ারি পরিচালিত এবং রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’-এর বহু প্রতীক্ষিত টিজার। ভারতীয় সিনেমার অন্যতম উচ্চাভিলাষী এই প্রকল্পটি নিয়ে দর্শকদের মধ্যে শুরু থেকেই ছিল তুঙ্গে উন্মাদনা। ৪০০০ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত এই দ্বিপাক্ষিক মহাকাব্যের টিজারে ভগবান রাম হিসেবে রণবীরের প্রথম ঝলক মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে নেটপাড়ায়। কেউ কেউ ভিজ্যুয়াল দেখে মুগ্ধ হলেও, একাংশ ‘কার্টুনি ভিএফএক্স’-এর অভিযোগে সরব হয়েছেন।
তবে এই টিজার দেখে দরাজ সার্টিফিকেট দিয়েছেন পর্দার ‘কৃষ্ণ’ তথা প্রবীণ অভিনেতা নীতীশ ভরদ্বাজ। বিআর চোপড়ার ‘রামায়ণ’ (২০০১) এবং ‘মহাভারত’-এর জন্য জনপ্রিয় নীতীশ বলেন, “রামায়ণ বিশ্বমঞ্চে আসছে। নীতেশ তিওয়ারি ও পুরো দলকে আমার অনেক শুভকামনা।” এর আগে রামানন্দ সাগরের সীতা অর্থাৎ দীপিকা চিকলিয়াও টিজারটির রাজকীয়তা দেখে প্রশংসা করেছিলেন।
টিজারে রণবীরকে এক যোদ্ধার বেশে দেখা গেলেও রাবণ চরিত্রে যশের এবং সীতা হিসেবে সাঁই পল্লবীর মুখ এখনও আড়ালেই রাখা হয়েছে। অভিনেতা রণবীর কাপুর জানান, শুরুতে এই চরিত্রের জন্য তিনি নিজেকে যোগ্য মনে করেননি, কিন্তু কন্যা রাহার জন্ম তাঁর চিন্তাধারা বদলে দেয়। ২০২৬ সালের অক্টোবরে দিওয়ালির মুখে মুক্তি পাবে ‘রামায়ণ: পার্ট ওয়ান’।