সঙ্গী কি হাঁটার সময় আপনাকে পিছনে ফেলে এগিয়ে যান? সাবধান! এটি বড় কোনো ‘রেড ফ্ল্যাগ’ নয় তো?

সম্পর্কের গভীরতা মাপতে দামী উপহার বা দীর্ঘ কথোপকথনের প্রয়োজন নেই, মাঝে মাঝে সঙ্গীর হাঁটার ধরনই অনেক না বলা কথা বলে দেয়। মনোবিদদের মতে, হাঁটার স্টাইল দেখে বোঝা সম্ভব আপনার সঙ্গী সম্পর্কের প্রতি কতটা যত্নশীল বা আদৌ আপনাদের মধ্যে মানসিক নৈকট্য রয়েছে কি না। মনোবিদ হ্যানা লুইস জানিয়েছেন, একসঙ্গে চলার সময় সঙ্গী যদি বারবার আপনাকে পিছনে ফেলে দ্রুতগতিতে এগিয়ে যান, তবে তা যথেষ্ট ইঙ্গিতবাহী। এর অর্থ হতে পারে, তিনি আপনাকে ছাড়াই নিজের জীবনের গতিপথ ঠিক করছেন এবং আপনার সঙ্গে সঠিক মানসিক সংযোগ অনুভব করছেন না।

বিশেষজ্ঞদের মতে, কেউ দ্রুত হাঁটেন বা লম্বা পা ফেলেন—এটি দীর্ঘদিনের অভ্যাস হতে পারে। কিন্তু সম্পর্কে ভালোবাসার টান থাকলে প্রিয় মানুষটির গতির সঙ্গে তাল মেলানোটা স্বাভাবিকভাবেই চলে আসে। দীর্ঘ সময় পরেও যদি সঙ্গী আপনার গতির প্রতি উদাসীন থাকেন এবং সর্বদা নিজেকে এগিয়ে রাখেন, তবে বুঝতে হবে তিনি সম্পর্কের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চান এবং অন্যের চাওয়া-পাওয়ার প্রতি তিনি কিছুটা উদাসীন।’

যদি এমনটা দিনের পর দিন চলতে থাকে এবং সঙ্গী পিছন ফিরেও না তাকান, তবে সেই সম্পর্কের নিরাপত্তা নিয়ে সতর্ক হওয়া জরুরি। সম্পর্কে উষ্ণতার অভাব এবং নিজের শর্তে চলা—এই প্রবণতাগুলোই ‘রেড ফ্ল্যাগ’ হিসেবে গণ্য হতে পারে।