“শিল্পী দায়বদ্ধ হলেই তাকে অপব্যবহার করা হবে!” অভিনেতা রাহুলের মৃত্যুতে বিস্ফোরক রাজ চক্রবর্তী

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে এক সপ্তাহ কেটে গেলেও শোকের ছায়া এখনও কাটেনি বাংলা বিনোদন জগতে। মাত্র ৪২ বছর বয়সে এক গুণী শিল্পীর এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না তাঁর প্রথম ব্লকবাস্টার ছবি ‘চিরদিনই… তুমি যে আমার’-এর পরিচালক রাজ চক্রবর্তী। আজ যখন রাহুলের মৃত্যুর বিচার চেয়ে এবং সঠিক তদন্তের দাবিতে আর্টিস্টস ফোরাম থানার দ্বারস্থ হচ্ছে, তখন স্মৃতির সরণিতে হাঁটলেন রাজ। সামাজিক মাধ্যমে বারবার ভেসে আসা ‘পিয়া রে’ গানটি এখন তাঁর কাছে যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে।

রাজ চক্রবর্তী জানান, রাহুলের চলে যাওয়া গোটা ইন্ডাস্ট্রির কাছে এক গভীর ট্রমা। শুটিংয়ের শেষ দিনের কথা স্মরণ করে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। তবে এই শোকের আবহেও শুটিং সেটে শিল্পীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন তিনি। রাজের স্পষ্ট বক্তব্য, “শিল্পী যখনই অতিরিক্ত দায়বদ্ধ হয়ে যায়, তখনই তাঁকে অপব্যবহার করা শুরু হয়। প্রত্যেক শিল্পীকে নিজের নিরাপত্তার কথা নিজেকেই ভাবতে হবে।”

কোনো বিপজ্জনক শট দেওয়ার আগে সেটি আদৌ নিরাপদ কি না, তা বুঝে নিয়ে শিল্পীদের মুখ খোলার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর মতে, অন্যের ওপর নিরাপত্তার ভার সঁপে না দিয়ে নিজেদের সুরক্ষিত রাখাটা আগে জরুরি। রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ এখনও ধোঁয়াশায় ঢাকা থাকায়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মন্তব্য করতে নারাজ পরিচালক, তবে কর্মক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখার ওপর তিনি বিশেষ জোর দিয়েছেন।