শহর ও গ্রামে রান্নার গ্যাস বুকিংয়ের মাঝে কতদিনের গ্যাপ? কেন্দ্রের কড়া নির্দেশে মাথায় হাত মধ্যবিত্তের!

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে জ্বালানি গ্যাসের আকাল দেখা দিয়েছে। এরই মধ্যে ১ এপ্রিল থেকে ভারতে এলপিজি (LPG) সিলিন্ডার ব্যবহার ও বুকিং সংক্রান্ত পাঁচটি বড় পরিবর্তন কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার। নতুন অর্থবর্ষের শুরুতেই এই নিয়মগুলি না জানলে সাধারণ গ্রাহক থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী— সকলকেই সমস্যায় পড়তে হতে পারে। বিশেষ করে গৃহস্থালীর গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে সময়ের ব্যবধানে যে বদল আনা হয়েছে, তা নিয়ে দুশ্চিন্তায় আমজনতা।

নতুন নিয়ম অনুযায়ী, বাণিজ্যিক সিলিন্ডারের দামে বড়সড় বৃদ্ধি ঘটলেও স্বস্তির বিষয় হলো, ১৪.২ কেজির গৃহস্থালীর সিলিন্ডারের দামে আপাতত কোনো পরিবর্তন হয়নি। তবে ৫ কেজির ছোট সিলিন্ডারের দাম ৫১ টাকা বেড়েছে। বুকিংয়ের ক্ষেত্রে নতুন কড়াকড়ি আরোপ করা হয়েছে; এখন থেকে শহরে বসবাসকারী গ্রাহকদের দুটি সিলিন্ডার বুকিংয়ের মাঝে ২৫ দিন এবং গ্রামীণ এলাকার গ্রাহকদের ৪৫ দিন অপেক্ষা করতে হবে।

এছাড়া, যে এলাকায় পিএনজি (PNG) সংযোগ রয়েছে, সেখানে আগামী ২৪ জুনের মধ্যে সংযোগ না নিলে এলপিজি সরবরাহ বন্ধ করে দেওয়া হতে পারে। ভর্তুকির অপব্যবহার রুখতে ই-কেওয়াইসি (e-KYC) বাধ্যতামূলক করা হয়েছে। গ্রাহকরা বাড়িতে বসেই সংশ্লিষ্ট তেল সংস্থার অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক আধার প্রমাণীকরণ সম্পন্ন করতে পারবেন। এই প্রক্রিয়া সম্পন্ন না হলে গ্যাস বুকিং বাতিল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।