চাকরি ছাড়লে আর মাসের পর মাস অপেক্ষা নয়; মাত্র ২ দিনেই মিলবে ফুল সেটেলমেন্টের টাকা!

বেসরকারি সংস্থায় কর্মরত কর্মীদের জন্য নতুন অর্থবর্ষের শুরুতেই এল বিরাট সুখবর। ১ এপ্রিল ২০২৬ থেকে দেশে কার্যকর হয়েছে নতুন শ্রম আইন (New Labor Law), যা কর্মচারীদের দীর্ঘদিনের এক বড় সমস্যার সমাধান করতে চলেছে। আগে কোনো কোম্পানি থেকে ইস্তফা দিলে বা ছাঁটাই হলে বকেয়া টাকা বা ‘ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট’ (FnF) পেতে ৪০ থেকে ৯০ দিন পর্যন্ত সময় লাগত। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে চাকরি ছাড়ার মাত্র ২ কার্যদিবসের মধ্যেই কোম্পানিকে ওই কর্মীর সমস্ত পাওনাগণ্ডা মিটিয়ে দিতে হবে। মজুরি আইন ২০১৯-এর অধীনে এই যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে।

এই পাওনা বা সেটেলমেন্টের মধ্যে শুধুমাত্র শেষ মাসের বেতনই নয়, অন্তর্ভুক্ত থাকবে অর্জিত ছুটির টাকা (Leave Encashment), পারফরম্যান্স বোনাস, ট্রাভেল অ্যালাউন্স এবং গ্র্যাচুইটিও। নতুন আইনের সবথেকে বড় চমক হলো গ্র্যাচুইটির সময়সীমা। আগে একটানা ৫ বছর কাজ না করলে গ্র্যাচুইটি পাওয়া যেত না, কিন্তু এখন মাত্র ১ বছর পূর্ণ করলেই কর্মীরা এই সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

বাড়ি ভাড়া মেটানো বা দৈনন্দিন খরচের চিন্তায় থাকা কর্মীদের জন্য এই দ্রুত নিষ্পত্তি প্রক্রিয়া এক বড় স্বস্তি। তবে কিছু বিশেষ ক্ষেত্রে বা জটিল হিসেবের নিষ্পত্তির জন্য সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত সময় নিতে পারবে সংস্থাগুলি। সরকারের এই পদক্ষেপে দেশের কোটি কোটি শ্রমজীবী মানুষের আর্থিক নিরাপত্তা আরও মজবুত হলো।