“বাংলাকে বৃদ্ধাশ্রম হতে দেব না”; মোদীর থেকে ৭টি বিশেষ ‘ভিশন’ পেয়ে বড় চ্যালেঞ্জ লিয়েন্ডার পেজের!

রাজ্য বিধানসভা নির্বাচনের ঠিক মুখে ভারতীয় টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজের বিজেপিতে যোগদান বঙ্গ রাজনীতিতে এক নয়া মাত্রা যোগ করেছে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে পদ্ম পতাকা হাতে তুলে নেওয়ার পর শনিবার কলকাতায় প্রথম সাংবাদিক বৈঠক করলেন লিয়েন্ডার। নিজের ‘বাঙালিয়ানা’ এবং রাজ্যের ক্রীড়া পরিকাঠামো নিয়ে এদিন শাসকদলকে কার্যত তুলোধোনা করেন এই অলিম্পিক পদকজয়ী তারকা।

লিয়েন্ডার স্পষ্ট জানান, তাঁর জন্ম, পড়াশোনা এবং টেনিসের হাতেখড়ি এই কলকাতাতেই। কিন্তু ১০০ বছরে বাংলা থেকে মাত্র ৪ জন অলিম্পিক পদক পাওয়ায় তিনি ব্যথিত। তাঁর অভিযোগ, এ রাজ্যে টেনিসের জন্য কোনো ইনডোর কোর্ট বা আধুনিক স্টেডিয়াম নেই, যার ফলে বর্ষা বা কড়া রোদে প্রতিভারা নষ্ট হচ্ছে। লিয়েন্ডার বলেন, “নরেন্দ্র মোদী আমাকে দিল্লিতে ডেকে বাংলার যুবকদের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন। আমি বাংলাকে ‘বৃদ্ধাশ্রম’ হতে দেব না। এখানকার তরুণদের কর্মমুখী এবং ক্রীড়াক্ষেত্রে দক্ষ করে তোলাই আমার লক্ষ্য।”

মেসির কলকাতা সফর নিয়ে হওয়া বিতর্ক প্রসঙ্গেও তিনি তোপ দেগে বলেন, “মেসিকে বাংলায় এনে অসম্মান করা হয়েছে। ক্রীড়াজগতের কেউ এই আয়োজন করলে এমনটা হতো না।” নিজের পরিচয় নিয়ে ওঠা প্রশ্নের জবাবে লিয়েন্ডারের আবেগঘন মন্তব্য, “আমি সৌরভ গঙ্গোপাধ্যায় নই ঠিকই, কিন্তু আমি আদ্যন্ত বাঙালি। ২০ বছরে ২৫০ মিলিয়ন বাচ্চার ভবিষ্যৎ গড়াই এখন আমার চ্যালেঞ্জ।”