মাথাভাঙার লড়াইয়ে নিশীথ প্রামাণিক; নির্বাচনী হলফনামায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর সম্পত্তির খতিয়ান দেখে চমকে যাবেন!

চব্বিশের লোকসভা নির্বাচনে কোচবিহার থেকে হারের ধাক্কা সামলে ফের ভোটের ময়দানে অবতীর্ণ হয়েছেন নিশীথ প্রামাণিক। তবে এবার আর দিল্লি জয়ের লড়াই নয়, লক্ষ্য রাজ্যের বিধানসভা। আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনে মাথাভাঙা কেন্দ্র থেকে পদ্ম শিবিরের প্রার্থী হয়েছেন তিনি। আগামী ২৩ এপ্রিল এই হাইভোল্টেজ কেন্দ্রে ভোটগ্রহণ। নিয়ম মেনেই নির্বাচন কমিশনের কাছে নিজের স্থাবর-অস্থাবর সম্পত্তির খতিয়ান সম্বলিত হলফনামা জমা দিয়েছেন নিশীথ, যা সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিশীথ প্রামাণিক শিক্ষাগত যোগ্যতায় মাধ্যমিক পাশ। হলফনামায় তিনি স্বীকার করেছেন যে, তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৬টি এফআইআর রয়েছে এবং সমসংখ্যক মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন। তবে এখনও পর্যন্ত কোনো ফৌজদারি মামলায় তিনি দোষী সাব্যস্ত হননি। আর্থিক খতিয়ানে দেখা যাচ্ছে, নিশীথের হাতে এই মুহূর্তে নগদ রয়েছে ১ লাখ ৪৫ হাজার ২০০ টাকা এবং তাঁর তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে জমা আছে ১ লাখ ৬৪ হাজার ৬৪৯ টাকা। এছাড়া ৫ লাখ টাকার একটি জীবন বিমাও রয়েছে তাঁর নামে।

সম্পত্তির নিরিখে নিশীথের কাছে ১২ লক্ষ ২৫ হাজার ৫৯৯ টাকা মূল্যের সোনা থাকলেও তাঁর কোনো কৃষিজমি নেই। তবে ১৮০০ বর্গফুটের একটি বসতবাড়ি এবং কলকাতায় ৫৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ২২ লক্ষ টাকা। তাঁর স্ত্রী গৌরী বর্মনের নামেও প্রায় ২৩ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার এবং নির্দিষ্ট পরিমাণ জমি রয়েছে। সব মিলিয়ে ৩৩ লক্ষ টাকার স্থাবর এবং ১২ লক্ষাধিক টাকার অস্থাবর সম্পত্তির মালিক প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী। মাথাভাঙার ভোটাররা এই হলফনামা দেখে নিশীথের ওপর কতটা ভরসা রাখেন, তা এখন সময়ের অপেক্ষা।