আপ-এর সঙ্গে চরম সংঘাত! এবার কি দল ছাড়ছেন রাঘব চাড্ডা? দিশা পাটানির পরিবার থেকে এল বড় প্রস্তাব!

আম আদমি পার্টির অন্দরে কি তবে বড়সড় ভাঙন আসন্ন? অরবিন্দ কেজরিওয়ালের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত রাঘব চাড্ডাকে ঘিরেই এখন রাজ্য রাজনীতি উত্তাল। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দেওয়ার পর এবার রাঘবকে সংসদে কথা বলতেও বাধা দিচ্ছে খোদ নিজের দল। আর এই অপমানের পরই জল্পনা শুরু হয়েছে—তবে কি পরিণীতি চোপড়ার স্বামী এবার আপ (AAP) ছাড়তে চলেছেন?
সংসদে ব্রাত্য রাঘব?
চলতি সপ্তাহেই আম আদমি পার্টি রাজ্যসভার চেয়ারম্যানকে অনুরোধ করেছে, রাঘবকে যেন সংসদে বলার সুযোগ না দেওয়া হয়। এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন রাঘব। সংসদ চত্বরে দাঁড়িয়ে একটি ভিডিও বার্তায় তিনি প্রশ্ন করেন, “সাধারণ মানুষের হয়ে সওয়াল করা কি অপরাধ? আমি কি কোনও ভুল করেছি?” রাঘবের এই অসহায়তা ও প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমর্থনের ঢল নেমেছে।
বলিউড থেকে এল বড় ‘অফার’:
রাঘবের সমর্থনে সাধারণ মানুষের পাশাপাশি সরব হয়েছে গ্ল্যামার জগতও। অভিনেত্রী দিশা পাটানির দিদি তথা ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন মেজর খুশবু পাটানি সরাসরি রাঘবকে নতুন দল গড়ার প্রস্তাব দিয়েছেন। রাঘবের পোস্টে কমেন্ট করে তিনি লেখেন, “রাঘবজী, আপনি একজন শিক্ষিত ও বিচক্ষণ নেতা। দেশের আপনার মতো মানুষকেই দরকার। আমার বিশ্বাস, ভবিষ্যতে আপনি নিজের দল গড়বেন। আমরা আপনার সঙ্গে যুক্ত হতে চাই।” দিশার পরিবারের এই মন্তব্য উসকে দিয়েছে রাঘবের দলবদলের জল্পনা।
কেন এই দূরত্ব?
অন্যদিকে, রাঘবকে সরানোর সপক্ষে আপ-এর যুক্তি বেশ চমকপ্রদ। দলের দাবি, রাঘব চাড্ডা প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে কড়া ভাষায় কথা বলতে ভয় পান। এমনকি জনস্বার্থের গুরুত্বপূর্ণ ইস্যু ছেড়ে সংসদে বিমানবন্দরের সিঙাড়ার দামের মতো তুচ্ছ বিষয় নিয়ে কথা বলে সময় নষ্ট করেছেন তিনি। দলের এই বিস্ফোরক অভিযোগের পর রাঘব চাড্ডার পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।