বহরমপুরে ভোটপ্রচারে অধীরকে ঘিরে ধুন্ধুমার! ‘কুকুরের বাচ্চা’ বলে তোপ কংগ্রেস নেতার

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর আগে তেতে উঠল বহরমপুর। শনিবার সকালে বহরমপুরের ১৯ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর ভোটপ্রচারকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। প্রচার চলাকালীন তৃণমূল ও কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে, যা দ্রুত বচসা থেকে হাতাহাতিতে পরিণত হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়।
কংগ্রেস কর্মীদের অভিযোগ, অধীর চৌধুরী ১৯ নম্বর ওয়ার্ডে পৌঁছানোর আগেই তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে একদল যুবক সেখানে জড়ো হয়েছিল। অধীরবাবু পৌঁছানো মাত্রই তাকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া শুরু হয়। এর পাল্টা জবাব দিতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুরু হয় দু’পক্ষের ধস্তাধস্তি। পরে নিরাপত্তার খাতিরে কেন্দ্রীয় বাহিনী অধীর চৌধুরীকে সরিয়ে নিয়ে যায়।
এই ঘটনার পর মেজাজ হারিয়ে তৃণমূল কর্মীদের ‘কুকুরের বাচ্চা’ বলে আক্রমণ করেন অধীর চৌধুরী। তিনি বলেন, “আমি মানুষের কাছে প্রচারে এসেছি। ওরা ভয় পেয়েছে বলেই গুন্ডামি করছে।” পাল্টা তোপ দেগেছেন ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ভীষ্মদেব কর্মকার। তার দাবি, অধীরবাবু বহিরাগতদের নিয়ে এসে এলাকায় অশান্তি পাকাচ্ছেন এবং তার কেন্দ্রীয় বাহিনী সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। কাউন্সিলরের কটাক্ষ, “অধীরবাবু আজও আতঙ্কের রাজনীতি করতে চান। মানুষ স্বতঃস্ফূর্তভাবে গো ব্যাক স্লোগান দিয়েছে। যে পথে এসেছিলেন, উল্টো পথেই ফিরতে হয়েছে, এটাই আমাদের পাওনা।”