রাহুলের মৃত্যু হলো কেন? প্রযোজনা সংস্থার বিরুদ্ধে FIR করছে আর্টিস্ট ফোরাম

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এখনো শোকস্তব্ধ গোটা টলিপাড়া। কিন্তু শোক এবার রূপ নিল বিক্ষোভে। গত ২৯ মার্চ দিঘার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে প্রাণ হারান অভিনেতা। এই ঘটনায় এবার সরাসরি কাঠগড়ায় লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’। প্রযোজনা সংস্থার দেওয়া জবাবে তীব্র অসন্তোষ প্রকাশ করে এবার আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিল ‘ওয়েস্ট বেঙ্গল আর্টিস্ট ফোরাম’।
থানায় অভিযোগ দায়ের করছে আর্টিস্ট ফোরাম
শুক্রবার রাতে এক জরুরি বৈঠকে বসেছিলেন টলিউডের শীর্ষ সারির অভিনেতারা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, লাবণি সরকার ও ভরত কলের মতো ব্যক্তিত্বদের উপস্থিতিতে দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়, শনিবারই পুলিশের কাছে এফআইআর (FIR) দায়ের করা হবে। ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় সাফ জানান, প্রযোজনা সংস্থাকে চিঠি পাঠিয়ে মৃত্যুর কারণ জানতে চাওয়া হয়েছিল, কিন্তু তাদের উত্তর মোটেও সন্তোষজনক নয়। ফলে ন্যায়বিচারের স্বার্থে রিজেন্ট পার্ক থানায় আজ দুপুর ২টো নাগাদ অভিযোগ দায়ের করতে চলেছে ফোরাম।
“সহজ যেন জানতে পারে বাবা কেন নেই”
বৈঠক শেষে আবেগঘন হয়ে পড়েন ইন্ডাস্ট্রির ‘বুম্বাদাস’ ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি বলেন,
“যিনি চলে গিয়েছেন তাঁকে তো ফেরানো সম্ভব নয়। কিন্তু রাহুলের ছেলে সহজ যেন বড় হয়ে জানতে পারে তার বাবার মৃত্যুর আসল কারণ কী ছিল।”
পুরো বিষয়টি আইনি পরামর্শ মেনেই করা হচ্ছে বলে জানান তিনি। উল্লেখ্য, এর আগে ফোরামের বৈঠকে উপস্থিত ছিলেন রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও।
অনুমতি ছাড়াই চলছিল শুটিং?
তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, তালসারিতে শুটিংয়ের জন্য নাকি পুলিশের কোনো লিখিত অনুমতিই নেয়নি ‘ম্যাজিক মোমেন্টস’। এমনকি শুটিং স্পটে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছিল কি না, তা নিয়েও জোরালো প্রশ্ন উঠেছে। ময়নাতদন্তের রিপোর্টে দেখা গিয়েছে, অভিনেতার ফুসফুসে প্রচুর পরিমাণে বালি ঢুকে গিয়েছিল। এই তথ্যের পর থেকেই গাফিলতির অভিযোগ আরও জোরালো হচ্ছে।
প্রতিবাদে পথে নামছে টলিপাড়া
রাহুলের মৃত্যুর ন্যায়বিচারের দাবিতে আজ, শনিবার বিকেল ৪টে নাগাদ এক বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। টেকনিশিয়ান স্টুডিয়ো থেকে রাধা স্টুডিয়ো পর্যন্ত এই পদযাত্রায় সামিল হবেন ইন্ডাস্ট্রির ছোট ও বড় পর্দার শিল্পী থেকে কলাকুশলীরা। সেখানে কেবল প্রতিবাদ নয়, রাহুলের স্মরণে তাঁর প্রিয় গল্প ও কবিতা পাঠের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপনও করা হবে।
রাহুলের এই অকাল প্রয়াণ কি স্রেফ এক দুর্ঘটনা, না কি ইন্ডাস্ট্রির অন্দরের কোনো অবহেলা? এখন সেই উত্তরের অপেক্ষায় প্রহর গুনছে সাধারণ মানুষ থেকে শুরু করে টলিপাড়ার সহকর্মীরা।