ভোটের মুখে ইডির ‘ডাবল স্ট্রাইক’! পুর-নিয়োগ দুর্নীতিতে তলব তৃণমূলের ২ হেভিওয়েটকে

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পুর-নিয়োগ দুর্নীতি (Municipality Recruitment Scam) মামলাকে কেন্দ্র করে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এবার কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে শাসকদলের দুই হেভিওয়েট নেতা তথা এবারের নির্বাচনের হেভিওয়েট প্রার্থী। সূত্রের খবর, তাঁদের নির্দিষ্ট দিনের মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের মরসুমে ইডির এই ঝোড়ো ব্যাটিং নিয়ে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি।

তৃণমূলের পক্ষ থেকে এই তলবকে সরাসরি ‘রাজনৈতিক প্রতিহিংসা’ হিসেবে দেখা হচ্ছে। দলের দাবি, বিজেপি রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে তৃণমূল প্রার্থীদের প্রচার আটকানোর চেষ্টা করছে। এর আগে সুজিত বসু এবং তাপস রায়ের মতো নেতাদের নাম এই মামলায় জড়ালেও, ভোটের ঠিক আগে এই জোড়া তলব নয়া মাত্রা যোগ করেছে।

ইডি সূত্রের দাবি, তদন্তে উঠে আসা আর্থিক লেনদেনের কিছু গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতেই এই জিজ্ঞাসাবাদ প্রয়োজন। একদিকে ভোটের প্রচার আর অন্যদিকে ইডির সমন— এই সাঁড়াশি চাপে দুই হেভিওয়েট নেতা এখন কী পদক্ষেপ নেন, সেটাই দেখার।