বিমানে পাশাপাশি বসা নিয়ে বড় আপডেট! স্থগিত হয়ে গেল নতুন নিয়ম, আপনার পকেটে টান?

আকাশপথে সফরের স্বপ্নে বড়সড় ধাক্কা খেলেন সাধারণ যাত্রীরা। বিমানে নিজের পছন্দমতো আসন বা ‘সিট’ বিনামূল্যে বুকিং করার যে আশা তৈরি হয়েছিল, তাতে আপাতত জল ঢেলে দিল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। গত ১৭ মার্চ মন্ত্রকের পক্ষ থেকে ডিজিসিএ-কে (DGCA) নির্দেশ দেওয়া হয়েছিল যে, প্রতিটি বিমানে অন্তত ৬০ শতাংশ আসন যাত্রীদের জন্য বিনামূল্যে বরাদ্দ করতে হবে। এমনকি পরিবার বা বন্ধুদের নিয়ে সফর করলে যাতে পাশাপাশি বসার জন্য অতিরিক্ত টাকা না গুনতে হয়, সেই নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু মাত্র কয়েক দিনের ব্যবধানেই সেই নির্দেশিকায় স্থগিতাদেশ জারি করা হয়েছে।
অসামরিক বিমানমন্ত্রকের সাম্প্রতিক তথ্যানুযায়ী, গত ২ এপ্রিল ডিজিসিএ-কে একটি বিশেষ চিঠি পাঠানো হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, বিষয়টি নিয়ে আরও বিস্তারিত পর্যালোচনার প্রয়োজন রয়েছে এবং সেই প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ৬০ শতাংশ ফ্রি সিট বুকিংয়ের নির্দেশ কার্যকর হবে না। মূলত বিমান সংস্থাগুলির আপত্তির কারণেই এই পিছুটান বলে মনে করা হচ্ছে। ‘ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স’ (FIA) এবং আকাশা এয়ার-এর মতো সংস্থাগুলি এই নিয়মের ফলে তাদের আর্থিক ও বাণিজ্যিক পরিকাঠামোয় ব্যাপক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে। তাদের দাবি, এই নিয়ম কার্যকর হলে এয়ারলাইন্সগুলোর পরিচালনাগত খরচ সামলানো কঠিন হয়ে পড়বে।
এমনিতেই বিশ্বজুড়ে জ্বালানি সংকটের জেরে জেট ফুয়েলের দাম আকাশচুম্বী। যার সরাসরি প্রভাব পড়ছে যাত্রীদের পকেটে। দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো ইতিমধ্যেই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমান ভাড়া বৃদ্ধির ঘোষণা করেছে, যা গত ২ এপ্রিল থেকেই কার্যকর হয়েছে। প্রতি কিলোমিটারে ভাড়ার হার বাড়ানো হয়েছে। এই ক্রমবর্ধমান ভাড়ার মাঝে বিনামূল্যে সিট বাছাইয়ের সুবিধা বন্ধ হওয়ায় যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
তবে স্বস্তির খবর এই যে, ফ্রি সিট বুকিং স্থগিত হলেও যাত্রী পরিষেবার অন্যান্য নিয়মগুলি বজায় থাকছে। একই PNR-এ বুকিং থাকলে যাত্রীদের পাশাপাশি আসন দেওয়ার চেষ্টা, চার্জের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা এবং অতিরিক্ত ফি সম্পর্কে স্পষ্ট তথ্য দেওয়ার বিষয়টি বলবৎ থাকছে। এখন দেখার, মন্ত্রকের পর্যালোচনার পর সাধারণ যাত্রীদের জন্য ভবিষ্যতে কোনো সুখবর আসে কি না।