“হনুমানজিকে না মানলে ভারত ছাড়ুন!” যোগী আদিত্যনাথের বিতর্কিত মন্তব্যে শোরগোল

কড়া প্রশাসন ও এনকাউন্টার নীতির জন্য পরিচিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ফের একবার সংবাদ শিরোনামে। সম্প্রতি হনুমান জয়ন্তীর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। যোগী দাবি করেছেন, ত্রেতাযুগে যখন বজরংবলী অর্থাৎ হনুমানজি মর্ত্যে ছিলেন, তখন পৃথিবীতে ইসলাম ধর্মের কোনো অস্তিত্বই ছিল না। শ্রীরামের একনিষ্ঠ ভক্ত হনুমানজিকে যারা পছন্দ করেন না বা অস্বীকার করেন, তাঁদের ভারত ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, ভারতের আত্মা ও সনাতন সংস্কৃতির সঙ্গে হনুমানজির চরিত্র অঙ্গাঙ্গীভাবে জড়িত। সপ্তম শতাব্দীতে ইসলামের উদ্ভব হলেও হনুমানজির ইতিহাস তার চেয়েও অনেক বেশি প্রাচীন। তাঁর মতে, যারা ভারতের এই প্রাচীন ঐতিহ্যকে চ্যালেঞ্জ করে, তাদের এই দেশে থাকার প্রয়োজন নেই। যোগীর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধীরা অভিযোগ করেছেন, একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি প্রকাশ্যে মেরুকরণের বার্তা দিচ্ছেন এবং কোনো নাগরিককে দেশ ছাড়ার কথা বলতে পারেন না। অন্যদিকে, যোগী সমর্থকরা দাবি করেছেন, যারা দেশবিরোধী কাজ করছে বা দেশের সংস্কৃতিকে ছোট করছে, তাদের জন্যই এই কড়া বার্তা।