“মোদীকে ভয় পান রাঘব!” রাজ্যসভার ডেপুটি লিডারের পদ খোয়াতেই চড্ডার বিরুদ্ধে বিস্ফোরক আপ

আম আদমি পার্টি (AAP) এবং রাজ্যসভার সাংসদ রাঘব চড্ডার দীর্ঘদিনের সম্পর্কে কি এবার ইতি পড়তে চলেছে? রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে রাঘবকে সরিয়ে অশোক মিত্তলকে সেই দায়িত্ব দেওয়ার পর থেকেই জল্পনা তুঙ্গে। তবে শুধু পদচ্যুতি নয়, আপ সচিবালয়কে চিঠি দিয়ে জানিয়েছে যে, সংসদে কথা বলার জন্য রাঘবকে যেন কোনো সময় বরাদ্দ না করা হয়। এই নজিরবিহীন পদক্ষেপের পর এবার চড্ডার বিরুদ্ধে সরাসরি ‘মোদী-ভীতি’র অভিযোগ আনল অরবিন্দ কেজরিওয়ালের দল।

আপ মুখপাত্র অনুরাগ ধন্ডা সামাজিক মাধ্যমে তীব্র আক্রমণ শানিয়ে দাবি করেছেন, রাঘব চড্ডা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভয় পান। সেই কারণেই তিনি রাজ্যসভায় জনস্বার্থবাহী ইস্যু এড়িয়ে চলেন। ধন্ডার প্রশ্ন, “আমরা কেজরিওয়ালের সেনা, আমাদের পরিচয় আমাদের নির্ভীকতায়। কেউ যদি মোদীকে ভয় পায়, তবে সে দেশের জন্য লড়বে কীভাবে?” অনুরাগের অভিযোগ, যখন সংসদে মুখ্য নির্বাচন কমিশনার (CEC) সংক্রান্ত বিলের বিরুদ্ধে প্রস্তাব আনা হয়েছিল, তখন রাঘব তাতে সই করতে অস্বীকার করেন। এমনকি দল কক্ষত্যাগ করলেও মোদীর সামনে নিজের উপস্থিতি বজায় রাখতে রাঘব জেদ করে বসে থাকেন।

এখানেই শেষ নয়, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়েও রাঘবকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তাঁর নিজের দল। আপ মুখপাত্রের দাবি, বাংলায় সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, অথচ এই গুরুত্বপূর্ণ বিষয়ে রাঘব সংসদে একটি শব্দও খরচ করেননি। উল্টে তিনি বিমানবন্দরের ক্যান্টিনে সিঙ্গারা সস্তা করার মতো তুচ্ছ বিষয় নিয়ে সরব হয়েছেন। রাজনৈতিক মহলের ধারণা, রাঘব চড্ডা খুব শীঘ্রই বিজেপিতে যোগ দিতে পারেন, আর সেই কারণেই আপ নেতৃত্ব আগেভাগেই তাঁর ‘ডানা ছাঁটার’ প্রক্রিয়া সম্পূর্ণ করল। পাল্টা ভিডিও বার্তায় রাঘব জানিয়েছেন, তাঁর মুখ বন্ধ করার চেষ্টা হলেও তাঁকে থামানো যাবে না।