ইডেনে হারের পর মেজাজ হারালেন রাহানে, স্ট্রাইক-রেট নিয়ে প্রশ্ন তুলতেই দিলেন কড়া জবাব!

২০২৬ আইপিএলের শুরুটা দুঃস্বপ্নের মতো হয়েছে কলকাতা নাইট রাইডার্সের জন্য। প্রথম ম্যাচে ২০০ রান তুলেও হার, আর দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠ ইডেনে ২২৭ রান তাড়া করতে গিয়ে মুখ থুবড়ে পড়া—টানা দুই হারে ব্যাকফুটে কেকেআর। চারদিকে যখন দলের হতশ্রী পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড়, তখনই পালটা গর্জে উঠলেন নাইট অধিনায়ক আজিঙ্কা রাহানে। সমালোচকদের সপাটে জবাব দিয়ে মুম্বইকর জানিয়ে দিলেন, তাঁর সাফল্যে অনেকেই ঈর্ষান্বিত।
বৃহস্পতিবার সানরাইজার্সের কাছে ৬৫ রানে হারের পর ইডেনে রাহানের মন্থর ব্যাটিং (১০ বলে ৭ রান) নিয়ে প্রশ্ন ওঠে। এর জবাবে রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে রাহানে বলেন, “আমার সাফল্যে অনেকেই হিংসা করে। তারা চায় না আমি খেলি বা ভালো কিছু করি। তবে যারা আমার স্ট্রাইক-রেট নিয়ে প্রশ্ন তুলছেন, তারা বোধহয় খেলা দেখেন না। ২০২৩ সাল থেকে আমার স্ট্রাইক-রেট অন্যতম সেরা। পরিসংখ্যান ঘেঁটে দেখলেই উত্তর পাওয়া যাবে।” রাহানে স্পষ্ট করে দেন যে, কে কী বলল তা নিয়ে তিনি মাথা ঘামাতে রাজি নন। বরং নেতিবাচক বা ইতিবাচক—যেকোনো আলোচনায় নিজের নাম থাকাটাকেই উপভোগ করছেন তিনি।
তবে শুধু নিজের ফর্ম নয়, রাহানের চিন্তায় রয়েছে দলের দুই ‘রহস্য’ স্পিনার বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনের ব্যর্থতাও। ইডেনের ম্যাচে বরুণকে দিয়ে দুই ওভারের বেশি বল করানোর ঝুঁকি নিতে পারেননি অধিনায়ক। বরুণ যে কেরিয়ারের কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তা স্বীকার করে নিয়েও রাহানে বলেন, “বরুণ এখনও বিশ্বের অন্যতম সেরা বোলার। আমরা ওর পাশেই আছি।” সোমবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ কেকেআরের সামনে। রাহানের আশ্বাস, টুর্নামেন্ট অনেক বড় এবং নাইটরা অবশ্যই কামব্যাক করবে।