ভোট মিটলেও বিদায় নয়! বাংলা পাহারায় ৫০ হাজার কেন্দ্রীয় বাহিনী, বড় সিদ্ধান্ত কমিশনের!

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এবার নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার কমিশনের জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচনের ফলাফল ঘোষণার পরেও রাজ্য থেকে এখনই সরছে না কেন্দ্রীয় বাহিনী। বরং প্রায় ৫০ হাজার জওয়ান (৫০০ কোম্পানি) অনির্দিষ্টকালের জন্য বাংলায় মোতায়েন রাখার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত ভোট-পরবর্তী হিংসার যে ট্র্যাডিশন বাংলায় দেখা যায়, তা সমূলে বিনাশ করতেই এই কড়া পদক্ষেপ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্ট্রংরুম এবং ইভিএম-এর নিরাপত্তার জন্য ২০০ কোম্পানি বাহিনী বিশেষভাবে দায়িত্ব পালন করবে। বাকি ৩০০ কোম্পানি বাহিনী রাজ্যের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে টহল দেবে। সম্প্রতি কালিয়াচকে এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন বিচারকদের প্রায় ৮ ঘণ্টা আটকে রাখার ঘটনায় সুপ্রিম কোর্ট তীব্র নিন্দা প্রকাশ করেছে। এই ঘটনার পরেই নির্বাচন কমিশন নিরাপত্তা নিয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে।

ওয়াকিবহাল মহলের মতে, গত কয়েকটি নির্বাচনে ফল প্রকাশের পর যে ভয়াবহ হিংসার সাক্ষী থেকেছে বাংলা, তা এবার কোনওভাবেই হতে দিতে চায় না কমিশন। কেন্দ্রীয় বাহিনীর এই দীর্ঘমেয়াদী উপস্থিতি রাজনৈতিক কর্মীদের মধ্যে ভয়ের পরিবেশ কাটাতে এবং সাধারণ মানুষের আস্থা ফেরাতে বড় ভূমিকা নেবে। কালিয়াচকের মতো অগ্নিগর্ভ পরিস্থিতি যাতে রাজ্যের আর কোথাও তৈরি না হয়, তার জন্যই কমিশনের এই ‘মেগা প্ল্যান’।