“বিচারকরা রাস্তায় মার খাচ্ছেন, এটাই কি সোনার বাংলা?” মালদহ-কাণ্ডে অগ্নিশর্মা দিলীপ ঘোষ!

খড়গপুর সদরের নির্বাচনী ময়দানে প্রচারের পারদ চড়াচ্ছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। শুক্রবার প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের সাম্প্রতিক আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে তুলোধোনা করলেন তিনি। বিশেষ করে মালদহে বিচারকদের হেনস্থা ও বিক্ষোভের ঘটনা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন রাজ্য বিজেপির এই প্রাক্তন সভাপতি।

দিলীপ ঘোষ বলেন, “বাংলায় আজ বিচারকরা রাস্তায় দাঁড়িয়ে মার খাচ্ছেন, এর চেয়ে লজ্জার আর কী হতে পারে? সাধারণ মানুষের নিরাপত্তা তো দূরস্থান, খোদ বিচার ব্যবস্থাই আজ আক্রান্ত।” মালদহ হিংসার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন যে, রাজ্যে পুলিশ ও প্রশাসনের নিয়ন্ত্রণ পুরোপুরি ভেঙে পড়েছে। তাঁর দাবি, শাসকদলের প্রশ্রয়েই দুষ্কৃতীরা এই ধরনের দুঃসাহস দেখাচ্ছে।

খড়গপুরে নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসী দিলীপবাবু জানান, মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। তিনি বলেন, “তৃণমূলের আমলে সিন্ডিকেট আর হিংসা ছাড়া মানুষ কিছু পায়নি। এবার ভোটের মাধ্যমেই তার যোগ্য জবাব দেবে জনতা।” নির্বাচনের মুখে দিলীপ ঘোষের এই আক্রমণাত্মক মেজাজ এবং ‘বিচার ব্যবস্থা আক্রান্ত’ হওয়ার অভিযোগ নতুন করে রাজ্য রাজনীতিতে বিতর্কের সৃষ্টি করেছে।