‘তোমার মুখে দাঙ্গার চিহ্ন, স্বৈরাচারের চিহ্ন’, হরিরামপুর থেকে শাহকে নজিরবিহীন আক্রমণ মমতার!

বাংলার বিধানসভা নির্বাচনের রণক্ষেত্র এবার ব্যক্তিগত আক্রমণের তুঙ্গে। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া ভাষায় বিঁধলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন যাত্রায় যোগ দিয়ে শাহ তৃণমূলকে ‘চোর’ বলে কটাক্ষ করেছিলেন। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তার পাল্টা জবাব দিলেন মমতা।
হরিরামপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “তৃণমূল চোর? আর তোমরা কী? চালুনি না কি ছুঁচের দোষ ধরে! লজ্জা করে না? লজ্জা, ঘৃণা, ভয়—তিন থাকতে নয়। যার এক কান কাটা থাকে, তার দুটো কান কাটার ভয় থাকে। এদের তো দুটো কানই কাটা।” এখানেই শেষ নয়, শাহের চেহারার বর্ণনা দিতে গিয়ে মমতা আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। তিনি বলেন, “তুমি ২৫ দিন কেন, ৩৬৫ দিন বাংলায় থাকো, তাতে কিছু যায় আসে না। তোমার মুখ লোক যত দেখবে, তত ভোট কাটবে। কারণ তোমার মুখের মধ্যে অত্যাচারের চিহ্ন, স্বৈরাচারের চিহ্ন আর দাঙ্গার চিহ্ন লেগে আছে।”
মমতার এই আক্রমণের পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। বিজেপি নেতা রাহুল সিনহা কটাক্ষ করে বলেন, “অমিত শাহের ওষুধ কাজ করতে শুরু করেছে। ওষুধ পড়লে রোগ যেমন প্রথমে লাফিয়ে ওঠে, মুখ্যমন্ত্রীর আস্ফালনও ঠিক তেমনই। এর থেকেই পরিষ্কার যে বাংলা এবার তৃণমূল-মুক্ত হতে চলেছে।” উল্লেখ্য, বৃহস্পতিবার শাহ হুঙ্কার দিয়েছিলেন যে ভবানীপুর আসনে বিজেপি জিতলে রাজ্যে পরিবর্তনের পথ প্রশস্ত হবে। সেই রেশ ধরেই শুক্রবার উত্তরবঙ্গ থেকে দিল্লিকে টার্গেট করলেন তৃণমূলনেত্রী।