নবম শ্রেণি পাস, কয়েক কোটির সম্পত্তি! বহরমপুরের ‘রবিনহুড’ অধীরের হলফনামায় আর কী কী?

দীর্ঘ তিন দশক পর আবারও বিধানসভা নির্বাচনের ময়দানে বহরমপুরের ঘরের ছেলে অধীর রঞ্জন চৌধুরী। গত লোকসভা নির্বাচনে ইউসুফ পাঠানের কাছে হারের পর, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে নিজের গড় পুনরুদ্ধার করতে মরিয়া এই কংগ্রেস নেতা। বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার পর তাঁর হলফনামা থেকে সামনে এল চাঞ্চল্যকর সব তথ্য।

হলফনামা অনুযায়ী, তুখোড় ইংরেজি ও হিন্দিতে ভাষণ দেওয়া অধীরবাবুর প্রাতিষ্ঠানিক শিক্ষা নবম শ্রেণি পর্যন্ত। ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর বার্ষিক আয় ২৫ হাজার ৭০ টাকা হলেও আগের বছর তা ছিল ১১ লক্ষ টাকারও বেশি। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪৮ লক্ষ ৪০ হাজার ৬০২ টাকা। যার মধ্যে রয়েছে ২৭ লক্ষ ৬০ হাজার টাকার সোনা এবং একটি ২২ লক্ষ টাকার গাড়ি। তবে চমক রয়েছে তাঁর স্ত্রী অতসী চট্টোপাধ্যায় চৌধুরীর সম্পত্তিতে। অতসী দেবীর স্থাবর সম্পত্তির মূল্য ৪ কোটি ৩২ লক্ষ টাকারও বেশি এবং তাঁর কাছে রয়েছে ১ কোটি ৭৪ হাজার টাকার সোনা।

পেশায় রাজনীতিক ও সমাজকর্মী অধীর চৌধুরীর আয়ের প্রধান উৎস ছিল সাংসদ পদের ভাতা। অন্যদিকে তাঁর স্ত্রী রাষ্ট্রপুঞ্জের একটি বিশেষ কর্মসূচিতে পরামর্শদাতার কাজ করেন। হলফনামায় অধীর আরও জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে বর্তমানে বেআইনি জমায়েত ও উস্কানিমূলক মন্তব্যের মতো মোট পাঁচটি ফৌজদারি মামলা রয়েছে। বহরমপুরের এই হাইভোল্টেজ লড়াইয়ে অধীরের এই ‘কোটিপতি’ হলফনামা এখন রাজনৈতিক মহলে হট টপিক।