স্বরূপনগর সীমান্তে ফের অনুপ্রবেশের ছক! বিএসএফ-এর জালে বাংলাদেশি মহিলা ও কুখ্যাত দালাল

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে অনুপ্রবেশ ইস্যু যখন রাজ্য রাজনীতিতে তুঙ্গে, ঠিক তখনই উত্তর ২৪ পরগনার স্বরূপনগর সীমান্তে বড়সড় সাফল্য পেল প্রশাসন। শুক্রবার দালালের সাহায্যে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার সময় হাতেনাতে ধরা পড়লেন এক বাংলাদেশি মহিলা। একই দিনে পৃথক এক অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ গাঁজা।
বিএসএফ-এর ১৪৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা টহল দেওয়ার সময় মোছাম্মদ ফাতেমা তুজ জোহরা নামে ওই বাংলাদেশি মহিলা এবং কবিরুল হোসেন মন্ডল নামে এক দালালকে আটক করেন। ধৃত মহিলার বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে। জিজ্ঞাসাবাদের পর তাঁদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। নির্বাচনের মুখে এই অনুপ্রবেশের নেপথ্যে অন্য কোনও বড় উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে, পাচারের এক অভিনব কায়দা ভেস্তে দিল বিএসএফ ও পুলিশ। হাকিমপুর চেকপোস্ট সংলগ্ন এলাকায় মিষ্টির হাঁড়ির ভেতরে লুকিয়ে রাখা প্রায় সাড়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কার্তিক চন্দ্র দাস এবং কবীর সর্দার নামে দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার পর সীমান্ত এলাকায় কড়া নজরদারি সত্ত্বেও এই ধরনের ঘটনা প্রশাসনের চিন্তা বাড়াচ্ছে।