ভোটের ফল বেরোলেও বিদায় নয়! বাংলা পাহারায় ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বড় পদক্ষেপ কমিশনের!

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল কমিশন। শুক্রবার বিকেলের পাওয়া খবর অনুযায়ী, ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার পরেও রাজ্যে মোতায়েন রাখা হবে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মূলত ভোট-পরবর্তী হিংসা রুখতে এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই আগাম সতর্কতা।
আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যে ভোট গ্রহণ। ৪ মে ফলাফল প্রকাশিত হবে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কমিশন এবার কোনও ঝুঁকি নিতে নারাজ। অতীতে দেখা গিয়েছে, ভোটের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সংঘর্ষ ও প্রতিশোধমূলক হিংসার অভিযোগ ওঠে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ঘরছাড়াদের পরিস্থিতি সামলাতে এই ৫০০ কোম্পানি বাহিনীকে নির্দিষ্ট সময়ের জন্য রাজ্যে রেখে দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।
অন্যদিকে, নির্বাচনী ট্রাইবুনাল গঠনের কাজও দ্রুতগতিতে এগোচ্ছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এই বিষয়ে মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন। শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউশনে ট্রাইবুনাল তৈরির জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ও কর্মী নিয়োগের আর্জি জানানো হয়েছে। ১৯ জন প্রাক্তন বিচারপতির নেতৃত্বে এই ট্রাইবুনাল পরিচালিত হবে, যার জন্য আইন দফতর থেকে লিগ্যাল সার্ভিস কর্মীদেরও প্রয়োজন। জেলাভিত্তিক ট্রাইবুনাল পরিচালনার জন্য কলকাতা থেকে পর্যাপ্ত কর্মীবাহিনী নিয়োগের প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন। সব মিলিয়ে, ২০২৬-এর নির্বাচনে শান্তি বজায় রাখতে প্রশাসনের অন্দরে এখন সাজ সাজ রব।