পেন্টাগনে মহাপ্রলয়! মার্কিন সেনাপ্রধানকে হঠাৎ ইস্তফার নির্দেশ ট্রাম্প প্রশাসনের, কাঁপছে ওয়াশিংটন

মার্কিন প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগনে বড়সড় ধামাকা। সেনাপ্রধান (চিফ অফ স্টাফ) জেনারেল র‍্যান্ডি জর্জকে আকস্মিক পদত্যাগ ও অবসরের নির্দেশ দিলেন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। শুক্রবারের এই নির্দেশের পরেই মার্কিন সামরিক নেতৃত্বে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। জেনারেল জর্জের স্থলাভিষিক্ত হচ্ছেন সেনাবাহিনীর ভাইস চিফ ক্রিস্টোফার লানেভে।

সূত্রের খবর, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক দৃষ্টিভঙ্গি ও নীতি দ্রুত কার্যকর করতেই এই রদবদল। প্রতিরক্ষা সচিব হেগসেথ বৃহস্পতিবারই জেনারেল জর্জের সঙ্গে যোগাযোগ করে স্পষ্ট জানিয়ে দেন, “সেনাবাহিনীতে নেতৃত্ব পরিবর্তনের সময় এসেছে।” ২০২৩ সালে চার বছরের মেয়াদে দায়িত্ব গ্রহণ করলেও, মাঝপথেই অভিজ্ঞ এই জেনারেলকে সরিয়ে দেওয়া হলো। পেন্টাগনের মুখপাত্র শন পারনেল এই বিদায়কে ‘স্বাভাবিক অবসর’ হিসেবে দেখানোর চেষ্টা করলেও, রাজনৈতিক মহলে এটি ট্রাম্পের ‘ক্লিন আপ’ ড্রাইভ হিসেবেই পরিচিতি পাচ্ছে।

এই রদবদল শুধুমাত্র সেনাবাহিনীতেই সীমাবদ্ধ থাকছে না। ওয়াশিংটনের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, এফবিআই প্রধান কাশ প্যাটেল, ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসী গ্যাবার্ড এবং আর্মি সেক্রেটারি ড্যানিয়েল ড্রিসকোলের ভবিষ্যৎ নিয়েও টানাপোড়েন চলছে। প্রতিরক্ষা সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই হেগসেথ যেভাবে একের পর এক জেনারেল ও অ্যাডমিরালকে সরিয়ে দিচ্ছেন, তাতে পেন্টাগনের খোলনলচে বদলে যাওয়ার ইঙ্গিত স্পষ্ট।