মধ্য ইরানে মার্কিন এফ-৩৫ ভূপাতিত করার দাবি তেহরানের! লেকেনহেথ ঘাঁটির চিহ্ন মিলল ধ্বংসাবশেষে

মধ্যপ্রাচ্যের আকাশসীমা এখন আক্ষরিক অর্থেই রণক্ষেত্র। ইরানের মারকাজি প্রদেশে একটি মার্কিন এফ-৩৫ (F-35) স্টিলথ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের খাতিম আল-আনবিয়া সদর দপ্তর। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, উদ্ধারকৃত ধ্বংসাবশেষ পরীক্ষা করে ব্রিটেনের লেকেনহেথ (Lakenheath) বিমান ঘাঁটির চিহ্ন পাওয়া গেছে, যা ইউরোপে মার্কিন বিমান বাহিনীর অন্যতম প্রধান কেন্দ্র। মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট জেনারেল সামাজিক মাধ্যমে এই সাফল্যকে ‘অপ্রতিরোধ্য শক্তির’ পরিচয় হিসেবে তুলে ধরেছেন।

এর আগে ১৯ মার্চ একটি এফ-৩৫এ ভূপাতিত করার দাবি করলেও আমেরিকা তা অস্বীকার করেছিল। তবে এবার ইরান আর কোনো অস্পষ্টতা রাখতে চায় না। মেহর নিউজ এজেন্সি এবং প্রেস টিভি বিধ্বস্ত বিমানের একাধিক ছবি প্রকাশ করেছে। ইরানের দাবি, শক্তিশালী বিস্ফোরণের ফলে পাইলটের পক্ষে বিমান থেকে বের হওয়া অসম্ভব ছিল। যদিও মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) এখনো এই দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি, তবে এর আগে ইরানের আইজিসিসি-র (IGRC) অনুরূপ দাবি তারা নাকচ করে দিয়েছিল।

চলমান এই যুদ্ধে আমেরিকার ক্ষয়ক্ষতির খতিয়ান বেশ দীর্ঘ হচ্ছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, আমেরিকা এ পর্যন্ত ১৬ থেকে ২০টি সামরিক বিমান ও ড্রোন হারিয়েছে। এর মধ্যে বড় অংশই হলো এমকিউ-৯ রিপার (MQ-9 Reaper) ড্রোন। মজার বিষয় হলো, অনেক ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটি বা কুয়েতের মতো মিত্র দেশের ‘ফ্রেন্ডলি ফায়ার’-এও মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে যদি এই এফ-৩৫ ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত হয়, তবে তা হবে আমেরিকার জন্য এক বিরাট সামরিক ও প্রযুক্তিগত ধাক্কা।