উত্তরাখণ্ডের বনে পোকার হানা! ১৯ হাজার শাল গাছ কাটার অনুমতি চাইল ধাম সরকার

উত্তরাখণ্ডের দেরাদুন বন বিভাগে এক অদৃশ্য শত্রুর আক্রমণে ধ্বংসের মুখে হাজার হাজার শাল গাছ। সম্প্রতি বনমন্ত্রী সুবোধ উনিয়াল জানিয়েছেন, থানো, আসরোরি এবং ঝাঝরা রেঞ্জে ১৯,১৭০টি শাল গাছে ‘শাল বোরার’ বা ‘হপলো’ নামক এক বিপজ্জনক পোকার লার্ভা হানা দিয়েছে। এই সংক্রমণ রুখতে আক্রান্ত গাছগুলি কেটে ফেলার জন্য কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের কাছে অনুমতি চেয়েছে রাজ্য সরকার।

বন গবেষণা ইনস্টিটিউট (FRI)-এর বিশেষজ্ঞরা সমীক্ষা চালিয়ে দেখেছেন, এই পোকার লার্ভা শাল গাছের কাণ্ড ও শিকড় ফুটো করে ভেতরে সুড়ঙ্গ তৈরি করে। এর ফলে জাইলেম কলা ক্ষতিগ্রস্ত হয়ে গাছটি ভেতর থেকে ফাঁপা হয়ে যায় এবং ধীরে ধীরে শুকিয়ে মারা যায়। সংক্রমণ যাতে সুস্থ গাছগুলোতে ছড়িয়ে না পড়ে, তাই ক্ষতিগ্রস্ত গাছগুলি অপসারণ করা জরুরি হয়ে পড়েছে।

পোকামাকড় দমনে বন বিভাগ এক বিশেষ ‘গাছ-ফাঁদ’ বা ‘ট্রি-ট্র্যাপ’ অভিযান শুরু করতে চলেছে। এই পদ্ধতিতে সুস্থ শাল গাছের গুঁড়ি কেটে বৃষ্টির জলে রাখা হয়, যার গন্ধ পোকাদের আকর্ষণ করে। এরপর ফাঁদে পা দেওয়া পোকাগুলিকে কেরোসিন দিয়ে ধ্বংস করা হয়। পরিবেশবিদদের মতে, গত বছরের অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত এই পোকার উপদ্রব বাড়াতে পারে। বনমন্ত্রী জানিয়েছেন, ভবিষ্যতে এমন প্রাদুর্ভাব রুখতে একটি বৈজ্ঞানিক তদন্তের প্রয়োজন।