পিএফ সুদের হার কি ১০% হচ্ছে? সোশ্যাল মিডিয়ার জল্পনা উড়িয়ে মুখ খুলল কেন্দ্র

বেসরকারি চাকুরিজীবীদের জন্য প্রভিডেন্ট ফান্ড বা পিএফ একটি বড় ভরসা। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি খবর দাবি করছিল যে, সরকার পিএফ-এর সুদের হার বাড়িয়ে ১০% করতে চলেছে। লক্ষ লক্ষ কর্মচারী এই খবরে আশার আলো দেখলেও, শেষ পর্যন্ত সব জল্পনায় জল ঢেলে দিল কেন্দ্র। সংসদে দেওয়া এক লিখিত বিবৃতিতে সরকার সাফ জানিয়েছে, বর্তমানে সুদের হার বাড়ানোর কোনও প্রস্তাব সরকারের কাছে নেই। অর্থাৎ, ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য নির্ধারিত ৮.২৫% সুদের হারই আপাতত বহাল থাকছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইপিএফও (EPFO)-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ এই সুদের হার নির্ধারণ করে এবং বর্তমান হার অন্যান্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের তুলনায় যথেষ্ট আকর্ষণীয় ও নিরাপদ। উল্লেখ্য, গত কয়েক বছরে পিএফ সুদের হারে সামান্য ওঠানামা দেখা গিয়েছে। ২০২১-২২ সালে এই হার ছিল ৮.১০%, যা ২০২২-২৩ সালে বেড়ে হয় ৮.১৫% এবং বর্তমানে তা ৮.২৫ শতাংশে দাঁড়িয়েছে।
বিনিয়োগকারীদের সুবিধার কথা মাথায় রেখে ইপিএফও পোর্টাল এখন আরও আধুনিক হয়েছে। পোর্টালে যুক্ত হয়েছে ‘পাসবুক লাইট’ (Passbook Lite) নামে একটি নতুন ফিচার। এর মাধ্যমে খুব সহজেই জমা, উত্তোলন এবং ব্যালেন্সের সারসংক্ষেপ দেখে নেওয়া যাবে। যারা দ্রুত নিজেদের শেষ ৫টি কিস্তির তথ্য দেখতে চান, তারা ইউএএন (UAN) নম্বর দিয়ে লগইন করে ‘View’ অপশন থেকে ‘Passbook Lite’ নির্বাচন করলেই সমস্ত বিবরণ পেয়ে যাবেন।