ইরানে পরমাণু কেন্দ্রে হামলার মেঘ! নাগরিকদের বাঁচাতে মরিয়া রাশিয়া, যুদ্ধবিরতির আর্জি পুতিনের

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা মহাযুদ্ধের মাঝেই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এল। ইরান, আমেরিকা ও ইসরায়েলের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতির মধ্যস্থতা করার চেষ্টা করছে রাশিয়া। তবে এই উদ্যোগ দীর্ঘমেয়াদী শান্তির জন্য নয়, বরং ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত নিজেদের নাগরিকদের নিরাপদে সরিয়ে আনার জন্য। আরআইএ (RIA) সংবাদ সংস্থার দাবি, বুশেহরে প্রায় ৪০০ থেকে ৭০০ রুশ কর্মী কাজ করছেন, যাদের একটি বড় অংশকে ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে। বাকিদের উদ্ধারে এখন আমেরিকা ও ইসরায়েলের দরজায় কড়া নাড়ছে ক্রেমলিন।

রুশ পরমাণু সংস্থা ‘রোসাটম’-এর প্রধান অ্যালেক্সেই লিখাচেভ জানিয়েছেন, আগামী সপ্তাহে প্রায় ২০০ রুশ নাগরিককে সরিয়ে নেওয়ার চূড়ান্ত পর্ব নির্ধারিত হয়েছে। রাশিয়া ইতিমধ্যেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সেই উদ্ধারকারী কনভয়ের যাত্রাপথ সম্পর্কে অবহিত করেছে এবং সেই সময়টুকু কঠোরভাবে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, বুশেহরের পরমাণু চুল্লিটি রাশিয়ার সহায়তায় তৈরি এবং সেখানে আরও নতুন ইউনিট নির্মাণের কাজ চলছিল।

বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার এই তড়িঘড়ি পিছু হঠা ইঙ্গিত দিচ্ছে যে ইরানের ওপর একটি বিধ্বংসী হামলা এখন সময়ের অপেক্ষা মাত্র। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইরানকে ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে দেওয়ার হুমকির পর রাশিয়া আর ঝুঁকি নিতে চাইছে না। নিজেদের কর্মীদের সরিয়ে নেওয়ার এই তোড়জোড় আসলে আসন্ন বড় ধরনের সামরিক অভিযানেরই পূর্বাভাস বলে মনে করছে আন্তর্জাতিক মহল।