“আমি মুকুল রায় নই!” কৃষ্ণনগর উত্তরের প্রস্তাব ফিরিয়ে বীজপুর নিয়ে গোঁয়ার শুভ্রাংশু রায়

বাংলার রাজনীতির ‘চাণক্য’ প্রয়াত মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়কে নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় তাঁর নাম না থাকায় এবার প্রকাশ্যেই উষ্মা প্রকাশ করলেন মুকুল-পুত্র। দীর্ঘ জল্পনা ছিল যে বীজপুর কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করতে পারে ঘাসফুল শিবির, কিন্তু দল বিদায়ী বিধায়ক সুবোধ অধিকারীর ওপরেই ভরসা রাখায় কার্যত কোণঠাসা হয়ে পড়েছেন শুভ্রাংশু।

শুভ্রাংশু রায়ের বিস্ফোরক দাবি, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তাঁকে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে লড়ার প্রস্তাব দিয়েছিল (যেখান থেকে একদা মুকুল রায় জিতেছিলেন)। কিন্তু সেই প্রস্তাব সপাটে ফিরিয়ে দিয়ে শুভ্রাংশু বলেন, “আমি মুকুল রায় নই যে যেখান থেকে খুশি দাঁড়িয়ে জিতে যাব। আমি বীজপুর বা তার আশেপাশের কেন্দ্র চেয়েছিলাম।” দল তাঁর সেই দাবি না মানায় তিনি ক্ষুব্ধ হলেও জানিয়েছেন যে দলের হয়েই তিনি প্রচার করবেন। তবে তাঁর এই মন্তব্য দলের অন্দরের ফাটলকেই স্পষ্ট করে দিয়েছে।

রাজনীতির পাশাপাশি প্রশাসনিক ক্ষেত্রেও নিজের অসহায়তার কথা শুনিয়েছেন কাঁচরাপাড়া পৌরসভার উপ-পুরপ্রধান শুভ্রাংশু। তাঁর অভিযোগ, পদে থাকলেও তাঁর হাতে কোনও কাজ নেই। ডিজিটাল জমানায় সব কাজ অনলাইনে হওয়ায় তাঁর ভূমিকা এখন নগণ্য। এই কারণেই তিনি নিয়মিত বোর্ড মিটিংয়েও যান না বলে স্বীকার করেছেন। ভোটের আগে মুকুল-পুত্রের এই বিদ্রোহ তৃণমূলের জন্য উত্তর ২৪ পরগনায় কতটা অস্বস্তির কারণ হয়, এখন সেটাই দেখার।