নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়! উল্টোডাঙা স্টেশনে মিলল শেষ লোকেশন, সাইবার ক্রাইম আতঙ্কে কি বিপদে পরিচালক?

টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিনোদন জগতে। গত বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বেরনোর পর শুক্রবার পর্যন্ত তাঁর কোনও হদিশ মেলেনি। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং বিভিন্ন থানার পাশাপাশি রেল পুলিশের (GRP) সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, উৎসবের ফোনের শেষ লোকেশন মিলেছে কলকাতার উল্টোডাঙা স্টেশন এলাকায়।

পরিচালকের স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে নিমতার একটি ব্যাঙ্কে পারিবারিক পুরনো অ্যাকাউন্টের কাজ মেটাতে গিয়েছিলেন উৎসব। ওটিপি (OTP) আসবে বলে নিজের ফোনটি বাড়িতে স্ত্রীর কাছে রেখে বাবার ফোনটি নিয়ে গিয়েছিলেন তিনি। দুপুর ২টো ২২ মিনিটে শেষবার স্ত্রীর সঙ্গে কথা হয় তাঁর, তারপর থেকেই ফোনটি বন্ধ হয়ে যায়। মৌপিয়া আরও দাবি করেছেন, গত কয়েকদিন ধরে সাইবার ক্রাইম সংক্রান্ত কোনও সমস্যায় অত্যন্ত বিব্রত ও চিন্তিত ছিলেন উৎসব। সেই কারণেই সামাজিক মাধ্যম থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি।

পরিবারের দাবি, উৎসবের সঙ্গে কারও কোনও ব্যক্তিগত শত্রুতা ছিল না। তিনি খুব শান্ত স্বভাবের মানুষ ছিলেন এবং বিনোদন জগতের জাঁকজমক থেকে দূরে থাকতেই পছন্দ করতেন। এখনও পর্যন্ত কোনও মুক্তিপণের ফোন বা হুমকি আসেনি বলেই জানিয়েছেন মৌপিয়া। সাইবার অপরাধের ভয় থেকেই কি এই নিখোঁজ হওয়া, না কি এর নেপথ্যে অন্য কোনও গভীর ষড়যন্ত্র রয়েছে— তা খতিয়ে দেখছে পুলিশ।