নিভল ক্ষোভের আগুন! নীতীশ তিওয়ারির ‘রামায়ণ’ দেখে সুরবদল রামানন্দ সাগরের ‘সীতা’র

নীতীশ তিওয়ারির আসন্ন মহাকাব্যিক ছবি ‘রামায়ণ’ নিয়ে যখন গোটা দেশ উত্তাল, ঠিক তখনই এল সবথেকে বড় চমক। আশির দশকের কালজয়ী ‘রামায়ণ’ ধারাবাহিকের পর্দার ‘আদি সীতা’ অর্থাৎ অভিনেত্রী দীপিকা চিখলিয়া এবার এই নতুন প্রজেক্টের ভূয়সী প্রশংসা করলেন। অথচ গত বছর পর্যন্তও ওম রাউতের ‘আদিপুরুষ’ দেখার পর তিনি রামায়ণের রিমেক নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন। রণবীর কাপুরের অভিনীত ছবির ঝলক সম্ভবত তাঁর সেই পুরনো ধারণা বদলে দিয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা জানান, “আমি টিজারটি দেখেছি এবং এটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ। খুব ‘রিচ’ লাগছে দেখতে। ওরা খুব সুন্দরভাবে এটা তৈরি করেছে। তাই এখন আমি ছবিটার জন্য অপেক্ষা করছি।” ২০২৬-এর দীপাবলিতে মুক্তি পেতে চলা এই ছবিটির জন্য পরিচালক নীতীশ তিওয়ারি দীর্ঘ সাত বছর ধরে অপেক্ষা করেছেন। টিজার লঞ্চের সময় আবেগপ্রবণ হয়ে তিনি জানান, দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া তাঁর সাত বছরের কঠোর পরিশ্রমকে সার্থক করেছে।

৮ বার অস্কারজয়ী ডিএনইজি (DNEG)-এর ভিএফএক্স এবং এ.আর. রহমান ও হ্যান্স জিমারের সুরের জাদুতে তৈরি এই ছবিটিতে রামের ভূমিকায় থাকছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে দক্ষিণী সুপারস্টার যশ। প্রযোজক নমিত মালহোত্রার দাবি, “রামায়ণ আপনাকে বেছে নেয়।” রামানন্দ সাগরের ‘সীতা’ যখন নিজেই এই নতুন সংস্করণকে সবুজ সংকেত দিয়েছেন, তখন রণবীর ও সাই পল্লবীর ওপর দর্শকদের প্রত্যাশার পারদ যে কয়েক গুণ বেড়ে গেল, তা বলাই বাহুল্য। ২০২৬ এবং ২০২৭-এর দীপাবলিতে দুই পর্বে বিশ্বজুড়ে মুক্তি পাবে এই আধুনিক ‘রামায়ণ’।