পকেট সাশ্রয় না কি জল্পনায় জল? মধ্যবিত্তের সঞ্চয়ে হাত দিল না কেন্দ্র, খুশির হাওয়া বিনিয়োগকারীদের

নতুন অর্থবর্ষ ২০২৬-২৭ শুরু হতেই সাধারণ মানুষের মনে আশঙ্কা ছিল যে, বিশ্ববাজারের অস্থিরতা ও পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাবে হয়তো স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার কমিয়ে দেবে কেন্দ্র। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়ে দিল, এপ্রিল থেকে জুন—এই প্রথম ত্রৈমাসিকে সুকন্যা সমৃদ্ধি থেকে পিপিএফ, কোনও প্রকল্পেই সুদের হার বদলানো হচ্ছে না। মূল্যবৃদ্ধির বাজারে বিনিয়োগকারীদের আস্থা বজায় রাখতেই এই স্থিতাবস্থা বজায় রাখা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কোন প্রকল্পে কত সুদ পাবেন? দেখে নিন একনজরে:

সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY): কন্যাসন্তানদের জন্য সবথেকে জনপ্রিয় এই প্রকল্পে ৮.২% সুদ বহাল থাকছে।

সিনিয়র সিটিজ়েন সেভিংস স্কিম (SCSS): প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার থাকছে ৮.২%।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF): দীর্ঘমেয়াদি এই স্কিমে সুদের হার ৭.১% অপরিবর্তিত।

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC): বিনিয়োগকারীরা পাবেন ৭.৭% সুদ।

কিসান বিকাশ পত্র (KVP): এখানে সুদের হার থাকছে ৭.৫%।

মান্থলি ইনকাম স্কিম (MIS): মাসিক আয়ের এই প্রকল্পে ৭.৪% সুদ মিলবে।

রেকারিং ডিপোজিট (RD): ৫ বছরের আরডিতে সুদের হার ৬.৭% রাখা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক স্তরে তেলের দাম বৃদ্ধি এবং টাকার দামের পতনের মধ্যেও সুদের হার না কমিয়ে কেন্দ্র আদতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করল। বিশেষ করে পিপিএফ এবং সুকন্যা সমৃদ্ধির মতো প্রকল্পে কর ছাড়ের সুবিধা (পুরানো কর কাঠামোয়) বিনিয়োগকারীদের জন্য বাড়তি পাওনা। সামনেই রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির বৈঠক, সেখানে রেপো রেট নিয়ে কী সিদ্ধান্ত হয়, এখন সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল। তবে আপাতত এপ্রিল থেকে জুন পর্যন্ত নিশ্চিন্তে বিনিয়োগ চালিয়ে যেতে পারেন সাধারণ মানুষ।