“৩৫ বছর পর বিধানসভা ভোটে!”-কত কোটির সম্পদ অধীরের, কতগুলি গাড়ির মালিক?

২০২৪-এর লোকসভা নির্বাচনে ইউসুফ পাঠানের কাছে হারের ধাক্কা সামলে ফের ময়দানে বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তবে এবার লড়াই দিল্লির তখতের জন্য নয়, বরং বাংলার বিধানসভায় ফেরার জন্য। বৃহস্পতিবার নিজের গড় বহরমপুর থেকেই মনোনয়নপত্র পেশ করলেন এই দাপুটে নেতা। আর তাঁর দাখিল করা হলফনামা থেকেই বেরিয়ে এল তাঁর সম্পত্তি, গয়না এবং ফৌজদারি মামলার সব গোপন তথ্য।

নগদ টাকা ও ব্যাঙ্ক ব্যালেন্স

হলফনামা অনুযায়ী, ‘চৌধুরী সাহেব’-এর হাতে নগদ রয়েছে মাত্র ৯৪ হাজার ৫০০ টাকা। তবে তাঁর স্ত্রী অতসী চৌধুরীর হাতে রয়েছে নগদ ৭ লক্ষ ২৫ হাজার টাকা। অধীরের চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা আছে ৬ লক্ষ ৪২ হাজার ৬১১ টাকা। এছাড়াও মিউচুয়াল ফান্ড ও জীবনবিমায় বিনিয়োগ রয়েছে কয়েক লক্ষ টাকা।

গাড়ি ও গয়নার বহর

অধীর চৌধুরীর একটি গাড়ি রয়েছে যার বাজারমূল্য ২২ লক্ষ ২৭ হাজার টাকা। বিপরীতে তাঁর স্ত্রীর গাড়ির দাম মাত্র ২ লক্ষ ৭৯ হাজার টাকা। তবে গয়নার দিক থেকে টেক্কা দিয়েছেন স্ত্রী। অধীরের কাছে ২৭ লক্ষ ৬০ হাজার টাকার সোনা থাকলেও, তাঁর স্ত্রীর কাছে রয়েছে ১ কোটি ৭৪ হাজার টাকার গয়না। সব মিলিয়ে অধীরের অস্থাবর সম্পত্তি ৪৮ লক্ষ টাকার কিছু বেশি হলেও তাঁর স্ত্রীর নামে রয়েছে ১ কোটি ২৭ লক্ষ টাকার সম্পত্তি।

কোটি টাকার স্থাবর সম্পত্তি

জমি, বাড়ি এবং ফ্ল্যাট মিলিয়ে অধীর চৌধুরীর স্থাবর সম্পত্তির পরিমাণ আকাশছোঁয়া। হলফনামা বলছে, তাঁর স্থাবর সম্পত্তির অঙ্ক ৬ কোটি ৭৩ লক্ষ ১৫ হাজার ৫০০ টাকা। তাঁর স্ত্রী অতসীর নামেও রয়েছে ৪ কোটি ৩২ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি। তবে স্ত্রীর নামে প্রায় ৮ লক্ষ টাকার ব্যাঙ্ক লোনও রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা ও মামলা

অধীর চৌধুরী হলফনামায় জানিয়েছেন যে তিনি নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর পিছু ছাড়েনি আইনি জটিলতাও। বর্তমানে তাঁর বিরুদ্ধে মুর্শিদাবাদ ও মালদহ মিলিয়ে ৩টি ফৌজদারি মামলা রয়েছে, যদিও কোনোটিতেই এখনও চার্জ গঠন হয়নি।

৩৫ বছর পর পুরনো পিচে অধীর

জাতীয় রাজনীতির চেনা মুখ অধীর রঞ্জন চৌধুরীকে সাধারণত লোকসভার লড়াইয়েই দেখা যায়। তবে ৩৫ বছর পর ফের তিনি বিধানসভার লড়াইয়ে ফিরলেন। শেষবার ১৯৯৬ সালে নবগ্রাম থেকে জিতে বিধানসভায় গিয়েছিলেন তিনি। ২০২৬-এ বহরমপুরের মানুষ কি তাঁর ‘হাত’ শক্ত করবে? না কি বিধানসভায় ফেরার স্বপ্ন অধরাই থেকে যাবে? উত্তর মিলবে ফলপ্রকাশের দিন।