বিশ্বের ১ নম্বর ব্যাটার হয়েও মাঠেই মেজাজ হারালেন অভিষেক! বড় শাস্তির মুখে হায়দরাবাদের তরুণ তুর্কি

আইপিএল ২০২৬-এর মঞ্চে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার অভিষেক শর্মা। তবে এবারের আলোচনা তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি মাঠের শৃঙ্খলাভঙ্গ নিয়েও। ইডেন গার্ডেন্সে কেকেআর-এর বিরুদ্ধে ঝোড়ো ইনিংস খেলে সানরাইজার্স হায়দরাবাদকে জেতালেও, ম্যাচ শেষে বড়সড় আর্থিক জরিমানার মুখে পড়লেন এই বাঁহাতি ওপেনার।

ঘটনাটি ঘটে আইপিএলের ষষ্ঠ ম্যাচে। ইডেনে কেকেআর বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করছিলেন অভিষেক। ২১ বলে ৪৬ রানের একটি মারকুটে ইনিংস খেলেন তিনি, যাতে ছিল ৪টি চার ও ৪টি ছক্কা। ট্রাভিস হেডের সঙ্গে মিলে পাওয়ার প্লে-তেই ৮৪ রান তুলে ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছিলেন তাঁরা। কিন্তু ম্যাচ চলাকালীনই উত্তেজনার বশে মেজাজ হারিয়ে ফেলেন অভিষেক। স্টাম্প মাইকে ধরা পড়ে তাঁর ব্যবহৃত অশালীন ভাষা। আইপিএলের আচরণবিধি বা ‘কোড অফ কন্ডাক্ট’-এর আর্টিকেল ২.৩ অনুযায়ী এটি একটি গুরুতর অপরাধ।

বিসিসিআই (BCCI) জানিয়েছে, অভিষেক তাঁর ভুল স্বীকার করে নিয়েছেন। ফলে কোনও শুনানির প্রয়োজন পড়েনি। শাস্তি হিসেবে তাঁর ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। আইপিএলে প্রতিটি ম্যাচ খেলার জন্য অভিষেক ৭.৫ লক্ষ টাকা পান। সেই হিসেবে ১ লক্ষ ৮৭ হাজার ৫০০ টাকা জরিমানা গুনতে হচ্ছে তাঁকে। অর্থাৎ, এই ম্যাচ থেকে তাঁর পকেটে ঢুকছে ৫ লক্ষ ৬২ হাজার ৫০০ টাকা। শুধু আর্থিক ক্ষতিই নয়, তাঁর নামের পাশে ১টি ‘ডিমেরিট পয়েন্ট’ও যোগ করা হয়েছে। ভবিষ্যতে এই পয়েন্ট বাড়লে তাঁকে ম্যাচ থেকে নির্বাসিত বা ব্যান করা হতে পারে।

উল্লেখ্য, এই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২২৬ রানের পাহাড় গড়েছিল। জবাবে কলকাতা নাইট রাইডার্স মাত্র ১৬১ রানেই গুটিয়ে যায়। ঘরের মাঠে কেকেআর-এর এই লজ্জাজনক হারের দিনে জয়ের নায়ক হয়েও শৃঙ্খলার পাঠ নিতে হল অভিষেক শর্মাকে।