কালিয়াচক কাণ্ডে নয়া মোড়! সুপ্রিম কোর্টের কড়া বার্তার পরেই ময়দানে নামল NIA, কাঠগড়ায় তৃণমূল মন্ত্রী!

কালিয়াচকের ঘটনা এখন জাতীয় স্তরের শিরোনামে। সাত বিচারককে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশন। পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার সকালেই কালিয়াচকে পৌঁছেছে জাতীয় তদন্তকারী সংস্থা NIA-র একটি বিশেষ দল। ঠিক এই আবহে রাজ্যের বিদায়ী মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি।

বিজেপির নিশানায় সাবিনা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার থেকেই অভিযোগ করছেন যে, কালিয়াচকের এই পরিকল্পিত তাণ্ডবের নেপথ্যে রয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। শুভেন্দুর দাবি, মোথাবাড়ির বিদায়ী বিধায়ক তথা বর্তমান সুজাপুরের প্রার্থী সাবিনা ইয়াসমিন খোদ এই ঘটনার ব্লু-প্রিন্ট বাস্তবায়িত করেছেন।

ভাইরাল ভিডিও ও অমিত মালব্যর তোপ তৃণমূলকে আরও চাপে ফেলতে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, ঘটনার কয়েক ঘণ্টা আগে সাবিনা ইয়াসমিন বিক্ষোভকারীদের মাঝে বসে নেতৃত্ব দিচ্ছেন। মালব্য সরাসরি সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে লিখেছেন, “এখন আর পোস্ট ডিলিট করে লাভ নেই, সব প্রমাণ আমাদের কাছে সংরক্ষিত আছে।”

পালটা দিলেন তৃণমূল নেত্রী নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন সাবিনা ইয়াসমিন। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে তিনি জানান, “শুভেন্দু অধিকারী আমাকে বরাবরই খুব ভয় পায়। ভোট এলেই ওর এই ভয় বাড়ে।” মজার ছলে সিনেমার ডায়লগ ধার করে তিনি বলেন, “শুভেন্দুর ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা।” সুজাপুরের এই প্রার্থী দাবি করেছেন, বিজেপির অভিযোগ ভিত্তিহীন এবং হার নিশ্চিত জেনেই তারা ব্যক্তিগত আক্রমণে নেমেছে। NIA-র তদন্ত এখন কোন রহস্যের পর্দা ফাঁস করে, সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।