কালিয়াচক কাণ্ডে বড় ব্রেক থ্রু! বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার মিম নেতা মোফাক্কেরুল!

মালদহের কালিয়াচকে বিচারকদের ঘেরাও এবং নজিরবিহীন হিংসার ঘটনায় বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশ। শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে মিম (AIMIM) নেতা মোফাক্কেরুল ইসলামকে। বুধবার রাতের সেই ভাইরাল ছবিতে দেখা গিয়েছিল, উত্তাল জনসমুদ্রের মাঝে গাড়ির ওপর দাঁড়িয়ে উস্কানিমূলক বক্তব্য রাখছেন এই ব্যক্তি। ঘটনার পর থেকেই বেপাত্তা ছিলেন তিনি, অবশেষে পালানোর পথেই জালে পড়লেন মোফাক্কেরুল।
কালিয়াচকে রণক্ষেত্র পরিস্থিতি গত বুধবার কালিয়াচকে সাতজন বিচারককে রাত ১২টা পর্যন্ত আটকে রাখার অভিযোগ ওঠে। কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাঁদের উদ্ধার করার সময়ও গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এক মহিলা আইনজীবীর ভাইরাল হওয়া অডিও ক্লিপে সেই রাতের হাড়হিম করা অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে। এই ঘটনায় পুলিশ ইতিমধেই ১৮ জনকে গ্রেফতার করেছিল, মোফাক্কেরুলকে নিয়ে মোট ধৃতের সংখ্যা দাঁড়াল ৩৫।
গ্রেফতারির আগে রহস্যময় ভিডিও আশ্চর্যের বিষয় হলো, গ্রেফতার হওয়ার ঠিক কয়েক মিনিট আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন মোফাক্কেরুল। সেখানে তিনি দাবি করেন, “ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার প্রতিবাদ করতে গিয়েই আমি গ্রেফতার হচ্ছি।” যদিও পরে সেই ভিডিওটি ডিলিট করে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, তার মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করেই এই সাফল্য মিলেছে।
রাজনৈতিক তরজা তুঙ্গে এই গ্রেফতারি নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার কড়া ভাষায় বলেন, “যাঁরা ভারত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন এবং জনবিন্যাস পরিবর্তনের চেষ্টা করছেন, তাঁদের কড়া সাজা হওয়া উচিত।” অন্যদিকে, তৃণমূল নেতা ঋজু দত্ত স্পষ্ট জানান, “বিক্ষোভের আগুনে ঘি ঢেলেছেন এই মিম নেতা। যারা আইনের ঊর্ধ্বে যাওয়ার চেষ্টা করবে, সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।”