KKR-এর ২৫ কোটির গ্রিনের রান আউট নিয়ে বিতর্ক, জেনেনিন কী বলছে নিয়ম?

ঘরের মাঠ ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৬৫ রানে বিধ্বস্ত কলকাতা নাইট রাইডার্স। আর এই হারের কাটাছেঁড়ায় সবথেকে বড় ভিলেন হয়ে দাঁড়িয়েছে ষষ্ঠ ওভারের সেই একটি রান আউট। ২৫.২০ কোটি টাকার মহাতারকা ক্যামেরন গ্রিনের প্যাভিলিয়নে ফেরা নিয়ে এখন উত্তাল ক্রিকেট মহল। তরুণ অঙ্গকৃষ রঘুবংশীর সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হওয়া গ্রিনের উইকেটই কি ম্যাচের ভাগ্য লিখে দিল?
ঠিক কী ঘটেছিল ইডেনের পিচে?
কেকেআর ইনিংসের ষষ্ঠ ওভারে বল করতে আসেন ঈশান মালিঙ্গা। শেষ বলে একটি সোজা শট খেলেন রঘুবংশী। বলটি বোলারের পায়ে লেগে কাছেই থমকে যায়। নন-স্ট্রাইকার এন্ডে থাকা ক্যামেরন গ্রিন বলের গতি বুঝতে না পেরে রান নিতে দৌড়ে আসেন। অন্যদিকে রঘুবংশী বল কোথায় তা বুঝতেই পারেননি। মাঝপথে গ্রিন পৌঁছাতেই স্টাম্প ভেঙে দেন মালিঙ্গা।
নাটকীয় মোড়: মাঠ ছাড়ছিলেন রঘুবংশী, ফিরতে হল গ্রিনকে!
বিভ্রান্তি এতটাই চরমে ছিল যে, রঘুবংশী ধরে নিয়েছিলেন তিনিই আউট হয়েছেন এবং মাঠ ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেন। ঠিক সেই সময় চতুর্থ আম্পায়ার তাঁকে আটকে দেন। রিপ্লেতে দেখা যায় এক অভাবনীয় চিত্র। দেখা যায়, রান আউট হওয়ার মুহূর্তে দুই ব্যাটারই প্রায় এক লাইনে চলে এসেছেন। কিন্তু ক্রিকেটের জটিল নিয়মে ফেঁসে যান গ্রিন।
কেন গ্রিনকে আউট দিলেন আম্পায়ার?
আইসিসি-র নিয়ম অনুযায়ী, যদি দুই ব্যাটার একই প্রান্তে চলে আসেন এবং একে অপরকে অতিক্রম না করেন, তবে যিনি উইকেটের (ক্রিজের) যত কাছাকাছি থাকবেন, তিনিই নিরাপদ। এই ক্ষেত্রে:
-
ক্যামেরন গ্রিন এবং রঘুবংশী একই লাইনে ছিলেন।
-
গ্রিন তখনও রঘুবংশীকে ‘ক্রস’ করেননি।
-
নিয়ম অনুযায়ী, যে ব্যাটার ওই প্রান্তের কাছে থাকেন (এই ক্ষেত্রে স্ট্রাইকার রঘুবংশী), তিনি টিকে যান। আর অপরজন আউট ঘোষিত হন।
ফলে মাত্র ২ রান করে মাঠ ছাড়তে হয় আইপিএল ২০২৬-এর অন্যতম দামি ক্রিকেটার ক্যামেরন গ্রিনকে।
নাইটদের মাথাব্যথা গ্রিনের ফর্ম?
মিনি নিলামে চড়া দামে কেনা গ্রিন এই ম্যাচে বোলিং করেননি, খেলেছেন স্পেশালিস্ট ব্যাটার হিসেবে। তাঁর অকাল বিদায়ে মিডল অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। কেকেআর কোচ অভিষেক নায়ার পিচ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও, ব্যাটারদের এমন ভুল বোঝাবুঝি যে কেকেআর-এর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, তা স্পষ্ট। ঘরের মাঠে এই হারের পর এখন সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে— এই ২৫ কোটির দায়ভার কে নেবে?