হরমুজ প্রণালীতে ভারতের মাস্টারস্ট্রোক! ব্রিটেনের বৈঠকে ইরানের সঙ্গে আলোচনার বড় আপডেট দিলেন বিদেশ সচিব

ইরান-আমেরিকা যুদ্ধের জেরে উত্তাল পারস্য উপসাগর। এই পরিস্থিতিতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ ‘হরমুজ প্রণালী’ সচল রাখতে ব্রিটেনের নেতৃত্বে আয়োজিত হাই-ভোল্টেজ ভার্চুয়াল বৈঠকে অংশ নিল ভারত। বৃহস্পতিবারের এই বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন বিদেশ সচিব বিক্রম মিস্রী। ৬০টিরও বেশি দেশ এই সম্মেলনে যোগ দিয়েছিল।
বৈঠকে ভারতের তরফে সাফ জানানো হয়, আন্তর্জাতিক আইন মেনে অবাধ ও উন্মুক্ত জাহাজ চলাচল নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল পরিবাহিত হয়, যা বর্তমানে সংকটের মুখে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারত নিরন্তর ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে। এই কূটনৈতিক তৎপরতার ফলেই গত কয়েক দিনে ভারতের ৬টি বাণিজ্যিক জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী পার করতে পেরেছে। তবে যুদ্ধের জেরে ভারতীয় নাগরিকদের মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি। আলোচনার মাধ্যমেই এই অস্থিরতা কাটানো সম্ভব বলে মত ভারতের।