প্রয়াত ‘মুম্বইয়ের ভিভ’! যাঁর ব্যাট ধার করে কেরিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সচিন তেন্ডুলকর

মুম্বই ক্রিকেটের অন্যতম ট্র্যাজিক হিরো এবং ‘মুম্বইয়ের ভিভ রিচার্ডস’ নামে পরিচিত অনিল গুরভ মঙ্গলবার নালাসোপারায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। কিংবদন্তি কোচ রমাকান্ত আচরেকরের অন্যতম প্রতিভাবান ছাত্র ছিলেন তিনি। সচিন তেন্ডুলকর এবং বিনোদ কাম্বলির সিনিয়র এই ক্রিকেটার তাঁর অসাধারণ ব্যাটিং টেকনিকের জন্য বিখ্যাত ছিলেন।
মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের কেরিয়ারের সঙ্গে অনিল গুরভের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সারদাশ্রম বিদ্যামন্দিরের ছাত্র থাকাকালীন সচিন তাঁর স্কুল ক্রিকেটের প্রথম শতরানটি করেছিলেন এই অনিল গুরভের ব্যাট ধার করেই। ভিভ রিচার্ডসের মতো হুবহু ‘স্কোয়্যার-কাট’ মারতে পারতেন বলেই তাঁকে ‘মুম্বইয়ের ভিভ’ বলা হতো। মুম্বইয়ের পিচ কিউরেটর নাদিম মেমন স্মৃতিচারণ করে জানান, সচিন-কাম্বলিদের শেখানোর জন্য আচরেকর স্যর প্রায়ই অনিল গুরভের ব্যাটিং দেখাতেন। প্রতিভা থাকা সত্ত্বেও অনূর্ধ্ব-১৯ গণ্ডির বাইরে তাঁর ক্রিকেট কেরিয়ার দীর্ঘ হয়নি, যা মুম্বই ক্রিকেটের এক অপূরণীয় ক্ষতি।