“ইরানকে ছাড়া হবে না!” ট্রাম্পের হুঙ্কারে কাঁপছে বিশ্ববাজার, রেকর্ড পতনের মুখে নিফটিও

নতুন অর্থবর্ষের শুরুতেই বড় ধাক্কা ভারতীয় শেয়ার বাজারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী কড়া মনোভাব এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণায় বৃহস্পতিবার সকালে ধস নামল দালাল স্ট্রিটে। লেনদেন শুরুর মাত্র এক ঘণ্টার মধ্যেই সেনসেক্স প্রায় ১৫০০ পয়েন্ট পড়ে যায় এবং নিফটি ৫০ সূচকটি ৪২৬ পয়েন্ট নিচে নেমে আসে। এর ফলে বিনিয়োগকারীদের প্রায় ১০ লক্ষ কোটি টাকা বাজার থেকে মুছে গিয়েছে।
ট্রাম্পের ‘অপারেশন এপিক ফিউরি’-র প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ৫ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১০৬ ডলারে পৌঁছেছে। ট্রাম্প সাফ জানিয়েছেন, ইরান চুক্তিতে রাজি না হলে আরও ভয়ঙ্কর হামলা চালানো হবে। এই যুদ্ধের প্রভাবে এসবিআই, এইচডিএফসি এবং রিলায়েন্সের মতো বড় সংস্থাগুলির শেয়ারে ৩.৭ শতাংশ পর্যন্ত পতন দেখা দিয়েছে। ট্রাম্পের দাবি, আমেরিকা এখন জ্বালানি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, তাই হরমুজ প্রণালী রক্ষা করার দায়িত্ব এখন তেল আমদানিকারক দেশগুলিকেই নিতে হবে। এই অনিশ্চয়তার জেরে বিশ্ব অর্থনীতিতে মন্দার মেঘ ঘনীভূত হচ্ছে।