বিমানের জ্বালানির দাম এক মাসে দ্বিগুণ! মধ্যবিত্তের জন্য কি মহার্ঘ্য হচ্ছে আকাশপথ? বড় আপডেট দিল কেন্দ্র

বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং ডলারের তুলনায় টাকার রেকর্ড পতনের জেরে ভারতে আকাশছোঁয়া হলো বিমানের জ্বালানি বা এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF)-এর দাম। গত ১ মার্চ দিল্লিতে যে জ্বালানির দাম ছিল কিলোলিটার প্রতি ৯৬ হাজার টাকা, এপ্রিলের শুরুতেই তা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৭ হাজার টাকায়। কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ের মতো মহানগরীগুলোতেও জ্বালানির দাম প্রায় দ্বিগুণ হয়েছে।

তবে সাধারণ যাত্রীদের জন্য কিছুটা স্বস্তির খবর দিয়েছে কেন্দ্রীয় সরকার। আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে জ্বালানির এই বিশাল বোঝা বহন করতে হলেও, ঘরোয়া বা ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে জ্বালানির দাম ধাপে ধাপে মাত্র ২৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে অভ্যন্তরীণ রুটে টিকিটের দাম এখনই আকাশছোঁয়া হওয়ার সম্ভাবনা কম। বিশেষজ্ঞদের মতে, বিমান সংস্থাগুলির পরিচালনার খরচের ৪০ শতাংশই যায় জ্বালানিতে। ফলে আন্তর্জাতিক টিকিটের দাম এবং বিমানে আসা ওষুধ বা ইলেকট্রনিক্স পণ্যের দাম বাড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।