রান্নাঘরেই লুকিয়ে সঞ্চয়ের চাবিকাঠি! দাম বৃদ্ধির বাজারে পকেটের চাপ কমাতে আজই ট্রাই করুন এই ৫ উপায়

ইরান-আমেরিকা যুদ্ধের আবহে বিশ্বজুড়ে জ্বালানি তেলের পাশাপাশি এলপিজি (LPG) সঙ্কটের মেঘ ঘনীভূত হচ্ছে। গৃহস্থের কপালে চিন্তার ভাঁজ ফেলে বাড়ছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। এই কঠিন সময়ে বাড়ির ১৪.২ কেজির একটি সিলিন্ডার যেখানে বড়জোর ৩০ দিন চলে, সেখানে কিছু বুদ্ধিদীপ্ত কৌশল মানলে আপনি সেটি অনায়াসে ৪৫ দিন পর্যন্ত চালাতে পারেন।

গ্যাস বাঁচানোর প্রধান দাওয়াই হলো রান্নার আগে চাল-ডাল অন্তত আধ ঘণ্টা ভিজিয়ে রাখা, যা ২০ শতাংশ দ্রুত রান্না সারতে সাহায্য করে। এছাড়া আগুনের শিখা যদি নীল না হয়ে হলুদ বা কমলা হয়, তবে বুঝতে হবে বার্নার নোংরা, যা অজথা গ্যাস পুড়িয়ে আপনার টাকা নষ্ট করছে। সবসময় ঢাকা দিয়ে রান্না করলে বাষ্প বেরোতে পারে না, ফলে ৩০ শতাংশ তাড়াতাড়ি কাজ হয়। ফ্রিজ থেকে বের করা ঠান্ডা খাবার সরাসরি উনুনে না বসিয়ে রুম টেম্পারেচারে এনে রান্না করলে দ্বিগুণ সাশ্রয় সম্ভব। ছোট বার্নারের ব্যবহার এবং প্রেসার কুকারের অভ্যাস আপনার সিলিন্ডারের আয়ু এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেবে।