ভোটের মুখে পুলিশে বড় রদবদল! ১২ জন দুঁদে আইপিএস অফিসারের বদলির প্রস্তাব নবান্নের

২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে গিয়েছে। ভোটপ্রক্রিয়া নির্বিঘ্ন করতে এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত করতে এবার পুলিশ প্রশাসনে বড়সড় রদবদলের পথে হাঁটল নবান্ন। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পক্ষ থেকে ১২ জন পদস্থ আইপিএস (IPS) অফিসারের বদলির প্রস্তাব পাঠানো হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে।

এই তালিকায় কলকাতা, বিধাননগর, হাওড়া, চন্দননগর এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদলের কথা বলা হয়েছে। প্রস্তাবিত তালিকায় বিদিত রাজ বুন্দেশকে কলকাতার পূর্ব বিভাগের ডিসি এবং প্রবীণ প্রকাশকে দক্ষিণ-পূর্ব বিভাগের ডিসি করার কথা বলা হয়েছে। এছাড়া শিলিগুড়ি ও সুন্দরবন পুলিশ জেলাতেও অভিজ্ঞ অফিসারদের নতুন দায়িত্ব দেওয়ার প্রস্তাব রয়েছে। নির্বাচনের প্রাক্কালে প্রশাসনের এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।