“বিরোধীরাও এবার বেকার ভাতা নকল করবে!” মেমারিতে তৃণমূল প্রার্থী রাসবিহারীর প্রচারে এসে চ্যালেঞ্জ দেবের

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে এবার পূর্ব বর্ধমানের মেমারিতে ঝড় তুললেন তৃণমূল সাংসদ তথা টলিউড সুপারস্টার দেব। বৃহস্পতিবার মেমারির তৃণমূল প্রার্থী রাসবিহারী হালদারের সমর্থনে আয়োজিত জনসভায় দেব দাবি করেন, আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেস গতবারের চেয়েও বেশি আসন পেয়ে চতুর্থবারের জন্য সরকার গড়বে।
বিজেপির নির্বাচনী এজেন্ডাকে আক্রমণ করে দেব বলেন, “নির্বাচনের আগে কতগুলো মন্দির বা মসজিদ হবে সেই আলোচনা হচ্ছে, কিন্তু কটা স্কুল বা হাসপাতাল হবে তা নিয়ে কেউ বলছে না। এই ভোট ধর্মের নামে নয়, হওয়া উচিত উন্নয়নের নিরিখে।” দেব আরও দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা লক্ষ্মীর ভাণ্ডার বা সবুজসাথীর মতো প্রকল্পগুলো এখন অন্য রাজ্যের বিরোধীরাও নাম বদলে চালু করতে বাধ্য হচ্ছে। তাঁর ভবিষ্যদ্বাণী, “আগামী দিনে আমাদের বেকার ভাতা প্রকল্পও অন্য রাজ্যে নকল করবে বিরোধীরা।” নিজের সংসদীয় এলাকা ঘাটালের দীর্ঘদিনের সমস্যা ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ নিয়েও এদিন মুখ খোলেন দেব। তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এই অসম্ভব কাজ আজ সম্ভব হয়েছে এবং প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে।