নির্বাচন কমিশনের বড় ধামাকা! প্রকাশিত অষ্টম তালিকা, ৫২ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণ

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। কমিশনের দাবি, বিচারাধীন থাকা মোট ৬০ লক্ষ ভোটারের মধ্যে ইতিমধ্যেই ৫২ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি করা হয়েছে। অর্থাৎ, আর মাত্র ৮ লক্ষ নাম বাকি রয়েছে, যা আগামী ৬ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখের আগেই নিষ্পত্তি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, এই অষ্টম তালিকায় নতুন করে প্রায় ৩ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি করা হয়েছে। সুপ্রিম কোর্টের কড়া নজরদারিতে ৭০৫ জন বিচারক দিনরাত এক করে এই কাজ চালাচ্ছেন। ২৮ ফেব্রুয়ারি যখন চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছিল, তখন বিবেচনাধীন ভোটারের সংখ্যা ছিল ৭০ লক্ষের বেশি। সেখান থেকে ধাপে ধাপে তালিকা প্রকাশ করে এখন লক্ষ্যমাত্রার দোরগোড়ায় দাঁড়িয়ে কমিশন। তবে এই ৫২ লক্ষের মধ্যে কতজনের নাম শেষ পর্যন্ত তালিকায় থাকল আর কতজনের বাদ পড়ল, তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি।
অন্যদিকে, এই এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক পারদ তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এই প্রক্রিয়ার বিরোধিতা করে আসছেন। তাঁর অভিযোগ, চক্রান্ত করে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই বুধবার মালদহে বিচারকদের দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখার ঘটনা ঘটে, যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। আগামীকাল থেকেই সেই তদন্ত শুরু হতে চলেছে। একদিকে আদালতের কড়া দাওয়াই আর অন্যদিকে কমিশনের দ্রুত কাজ—সব মিলিয়ে ভোটের আগে সরগরম বাংলার রাজনীতি।