“আমেরিকা চরম অপমানিত না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না!” ট্রাম্পকে পাল্টা ধ্বংসের হুঁশিয়ারি ইরানের

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আগুন নেভার লক্ষণ নেই, বরং ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে ঘৃতাহুতি পড়েছে। মার্কিন প্রেসিডেন্টের দম্ভোক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবার ইরান সাফ জানিয়ে দিল, যতদিন না আমেরিকা ‘অপমানিত’ হয়ে নতিস্বীকার করছে, ততদিন এই লড়াই থামবে না। ইরানের শক্তিশালী সামরিক শাখা ‘খাতাম আল-আম্বিয়া’ সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র এদিন হুঙ্কার দিয়ে বলেন, “আমাদের শক্তি সম্পর্কে হোয়াইট হাউসের কোনও ধারণাই নেই।”

সম্প্রতি ট্রাম্প দাবি করেছিলেন, মার্কিন হানায় ইরানের নৌ ও বিমানবাহিনী কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং তাদের শীর্ষ নেতৃত্ব শেষ হয়ে গিয়েছে। সেই দাবি নস্যাৎ করে ইরান জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র বা ড্রোন প্রযুক্তি স্পর্শ করার ক্ষমতা আমেরিকার নেই। ওই সেনাকর্তার হুঁশিয়ারি, “এর আগে যে ধাক্কা খেয়েছেন, তার চেয়েও বিধ্বংসী আক্রমণের জন্য তৈরি থাকুন। এই হামলার চড়া দাম দিতে হবে আমেরিকাকে।”

অন্যদিকে, ট্রাম্প নিজের অবস্থানেই অনড়। তিনি পুনরায় দাবি করেছেন যে মার্কিন অভিযানে ইরানের কোমর ভেঙে দেওয়া হয়েছে। ট্রাম্পের ভাষায়, “ইরানের নৌবাহিনী এখন অতীত।” দুই রাষ্ট্রপ্রধানের এই অনড় অবস্থান ও পাল্টাপাল্টি হুমকিতে পারস্য উপসাগরে এখন চরম উত্তেজনা। কূটনৈতিক মহলের আশঙ্কা, এই বাগযুদ্ধ যে কোনও মুহূর্তে এক ভয়াবহ এবং দীর্ঘস্থায়ী পারমাণবিক সংঘাতের দিকে মোড় নিতে পারে।