মালদহে বিচারক নিগ্রহে অগ্নিশর্মা সুপ্রিম কোর্ট! সিবিআই তদন্তের নির্দেশ, নবান্নের শীর্ষ কর্তাদের শো-কজ

মালদহের কালিয়াচকে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে জুডিশিয়াল অফিসারদের ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা ও হেনস্তার ঘটনায় বেনজির কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। বুধবারের ওই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ সরাসরি সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে রাজ্যের মুখ্যসচিব, ডিডিপি এবং পুলিশ সুপারকে শোকজ করা হয়েছে। আগামী ৬ এপ্রিল তাঁদের সশরীরে আদালতে হাজিরা দিয়ে কৈফিয়ত দিতে হবে।

আদালতের পর্যবেক্ষণ, সাতজন বিচারককে গভীর রাত পর্যন্ত আটকে রাখা এবং এক মহিলা বিচারকের ৫ বছরের সন্তানের জল-খাবার ছাড়া আর্তচিৎকারের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। প্রধান বিচারপতি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে উদ্দেশ্য করে বলেন, “আদালতের নির্দেশ পালনেও আপনারা রাজনীতি করেন। জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা দিতে ব্যর্থ প্রশাসন।” আদালত সাফ জানিয়েছে, এখন থেকে এই প্রক্রিয়ায় যুক্ত ৭০০ জন বিচারক ও তাঁদের পরিবারের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে রাজ্যের বদনাম করার চেষ্টা বলে বিজেপিকে তোপ দেগেছেন। পাল্টা বিজেপি নেতা সুকান্ত মজুমদার শাসক দলের উস্কানিকেই দায়ী করেছেন। অন্যদিকে, বিশেষজ্ঞ ও প্রাক্তন পুলিশ কর্তাদের মতে, নির্বাচন চললেও আইন-শৃঙ্খলার দায় রাজ্য সরকার এড়াতে পারে না। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে কালিয়াচক ছাড়াও জলপাইগুড়ি ও মালদহের বিভিন্ন প্রান্তে অবরোধ চলছে, যা রাজ্যে রাষ্ট্রপতি শাসনের জল্পনা উস্কে দিচ্ছে।