ট্রাম্পের ‘অপারেশন এপিক ফিউরি’ বনাম ইরানের দেওয়াল! স্থলপথে যুদ্ধ শুরু হলে রক্তগঙ্গা বইবে তেহরানে?

পশ্চিম এশিয়ায় যুদ্ধের মেঘ ঘনীভূত হতেই খোলস ছেড়ে বেরিয়ে এল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অপারেশন এপিক ফিউরি’-র পরিকল্পনার জবাবে এবার সরাসরি প্রাণনাশের হুমকি দিলেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। বৃহস্পতিবার অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, “যদি শত্রুপক্ষ স্থলপথে ইরানের মাটিতে পা রাখার সাহস দেখায়, তবে তাদের একজন সেনাও জ্যান্ত ফিরে যাবে না।”
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ফার্স নিউজ’ সূত্রে খবর, জেনারেল হাতামি তাঁর বাহিনীকে আক্রমণ ও প্রতিরক্ষা—উভয় ক্ষেত্রেই ‘ফুল অ্যালার্ট’-এ থাকার নির্দেশ দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমেরিকা বা ইজরায়েল যদি মনে করে আমাদের দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে আর তারা সুরক্ষিত থাকবে, তবে সেটা ভুল। আমাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত কাউকেই ছাড়া হবে না।”
অন্যদিকে, ওয়াশিংটন পোস্টের এক বিস্ফোরক রিপোর্ট অনুযায়ী, পেন্টাগন ইতিমধ্য়েই ইরানে সীমিত পরিসরে স্থল অভিযানের ব্লু-প্রিন্ট তৈরি করে ফেলেছে। ৩,৫০০ মেরিন সেনা নিয়ে মার্কিন রণতরী ‘ইউএসএস ত্রিপোলি’ পারস্য উপসাগরে প্রবেশ করায় উত্তেজনা চরমে পৌঁছেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্থল অভিযানের সম্ভাবনা ওড়াননি। ফলে আকাশপথের লড়াই এবার সরাসরি মাটিতে গড়ানোর অপেক্ষায়, যা বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে।